ডেমোক্র্যাটদের স্বস্তি, রিপাবলিকানদের সতর্ক অবস্থান
যুদ্ধের বৈধতা ও জবাবদিহি নিয়ে নতুন করে বিতর্ক শুরু
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত ইরানের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে দেশটির রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ স্বস্তি প্রকাশ করেছেন, আবার কেউ ভবিষ্যৎ চুক্তি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন।
দুই সপ্তাহের এই যুদ্ধবিরতির আওতায় ইরান হরমুজ প্রণালী পুনরায় খুলে দেবে এবং দুই দেশ স্থায়ী সমাধানের জন্য আলোচনা করবে।
রিপাবলিকান দলের সিনেটর লিন্ডসি গ্রাহাম কূটনৈতিক সমাধানের প্রচেষ্টাকে স্বাগত জানালেও সম্ভাব্য চুক্তি নিয়ে সতর্ক থাকার কথা বলেছেন। তিনি বলেন, ইরানকে কোনোভাবেই আগ্রাসী কর্মকাণ্ডের জন্য পুরস্কৃত করা উচিত নয় এবং ভবিষ্যৎ চুক্তি কংগ্রেস পর্যালোচনা করবে।
অন্যদিকে ডেমোক্র্যাট নেতারা যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়ে বলেছেন, এতে অন্তত সামরিক সদস্যদের ঝুঁকি কমবে। তবে তারা এই যুদ্ধের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে জবাবদিহির দাবি জানিয়েছেন।
ডেমোক্র্যাট সিনেটর রুবেন গালেগো বলেন, যুদ্ধ বন্ধ হওয়া ইতিবাচক হলেও কেন এই সংঘাতে জড়ানো হলো এবং তা কতটা আইনসম্মত ছিল, তা তদন্ত করা জরুরি।
কিছু রিপাবলিকান সমর্থক মনে করছেন, এই যুদ্ধবিরতি দীর্ঘস্থায়ী হবে না এবং এটি কেবল সাময়িক বিরতি। তাদের মতে, ইরান এখনও বড় ধরনের হুমকি হিসেবে রয়ে গেছে।
এদিকে কিছু ডেমোক্র্যাট আইনপ্রণেতা প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। তারা অভিযোগ করেছেন, কংগ্রেসের অনুমোদন ছাড়াই যুদ্ধ শুরু করা হয়েছে, যা সংবিধান লঙ্ঘনের শামিল।
তাদের মতে, যুদ্ধবিরতি হলেও এটি অতীতের কর্মকাণ্ডকে বৈধতা দেয় না এবং এই সংঘাতের জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে।
বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতি সাময়িক স্বস্তি দিলেও রাজনৈতিক বিভাজন ও নীতিগত মতপার্থক্য আরও স্পষ্ট হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রে।
















