ড্রোন হামলায় জ্বালানি গুদামে আগুন ও তেল ছড়িয়ে পড়ার ঘটনা
যুদ্ধের অর্থায়ন ব্যাহত করতে জ্বালানি স্থাপনায় হামলা জোরদার কিয়েভের
রাশিয়ার বাল্টিক সাগর উপকূলের প্রিমোর্স্ক বন্দর এবং নিজনি নভগোরদ অঞ্চলের একটি বড় তেল শোধনাগারে ইউক্রেন ড্রোন হামলা চালিয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
রোববার রুশ কর্মকর্তারা জানান, হামলার ফলে প্রিমোর্স্ক বন্দরের একটি জ্বালানি সংরক্ষণাগারে ক্ষতি হয়েছে এবং সেখানে তেল ছড়িয়ে পড়েছে। শুরুতে একটি পাইপলাইনে ক্ষতির কথা বলা হলেও পরে জানানো হয়, ধ্বংসাবশেষের আঘাতে একটি জ্বালানি ট্যাংক ক্ষতিগ্রস্ত হয়েছে।
অন্যদিকে নিজনি নভগোরদের নরসি তেল শোধনাগারে আগুন ধরে যায়। সেখানে দুটি স্থাপনায় আঘাত হানার কথা নিশ্চিত করা হয়েছে।
স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, হামলায় একটি বিদ্যুৎকেন্দ্র এবং কয়েকটি আবাসিক ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রিমোর্স্ক বন্দর রাশিয়ার গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্রগুলোর একটি, যেখান থেকে বিদেশে তেল পাঠানো হয়। এর আগে মার্চ মাসেও এই বন্দরে হামলা হয়েছিল।
নরসি শোধনাগারটি রাশিয়ার অন্যতম বৃহৎ তেল পরিশোধন কেন্দ্র, যা বছরে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল প্রক্রিয়াজাত করতে সক্ষম।
বিশ্লেষকদের মতে, ইউক্রেন সাম্প্রতিক সময়ে রাশিয়ার জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে হামলা বাড়িয়েছে, যাতে যুদ্ধের অর্থায়নের একটি প্রধান উৎস দুর্বল করা যায়।
তাদের দাবি, এই ধরনের হামলার ফলে রাশিয়ার তেল রপ্তানির সক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমে গেছে।
এদিকে যুদ্ধ বন্ধে কূটনৈতিক উদ্যোগগুলো সাম্প্রতিক সময়ে অগ্রগতি পায়নি। বিভিন্ন দফায় আলোচনা হলেও গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে কোনো সমঝোতা হয়নি।
পরিস্থিতি জটিল হওয়ায় ভবিষ্যতে এই ধরনের হামলা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।
















