যুক্তরাষ্ট্রের ফুটবল লিগে নতুন স্টেডিয়ামের উদ্বোধনী ম্যাচে গোল করে দলকে ড্র উপহার দিয়েছেন লিওনেল মেসি। ইন্টার মায়ামি তাদের নতুন ভেন্যুতে অস্টিনের বিপক্ষে ২-২ গোলে সমতায় শেষ করে ম্যাচ।
২৬ হাজার দর্শক ধারণক্ষমতার নতুন স্টেডিয়ামে ম্যাচটি ঘিরে ছিল উৎসবমুখর পরিবেশ। দীর্ঘ সময় পর নিজেদের স্থায়ী মাঠ পাওয়াকে ক্লাব কর্তৃপক্ষ বড় অর্জন হিসেবে দেখছে।
খেলার শুরুতেই চমক দেখায় সফরকারী অস্টিন। ম্যাচের মাত্র ছয় মিনিটে কর্নার থেকে গোল করে তারা এগিয়ে যায়। তবে বেশি সময় পিছিয়ে থাকেনি স্বাগতিকরা।
চার মিনিট পরই ডান দিক থেকে আসা ক্রসে মাথা ছুঁইয়ে গোল করে সমতা ফেরান মেসি। নতুন স্টেডিয়ামে এটিই ছিল তার দলের প্রথম গোল।
এরপর ম্যাচে আধিপত্য বিস্তার করে মায়ামি। একাধিক আক্রমণ তৈরি করলেও গোলের দেখা পায়নি তারা।
দ্বিতীয়ার্ধে আবারও এগিয়ে যায় অস্টিন। মাঝমাঠে বল হারানোর পর দ্রুত পাল্টা আক্রমণ থেকে তারা দ্বিতীয় গোলটি করে।
পরে বদলি হিসেবে নামা অভিজ্ঞ ফরোয়ার্ড লুইস সুয়ারেস ম্যাচে ফেরান মায়ামিকে। কর্নার থেকে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে তিনি সমতা সূচক গোল করেন।
শেষ দিকে সুয়ারেস আরেকটি গোল করলেও অফসাইডের কারণে সেটি বাতিল হয়। ফলে শেষ পর্যন্ত ম্যাচটি ড্রতেই শেষ হয়।
নতুন স্টেডিয়ামে জয় দিয়ে শুরু করতে না পারলেও গোল করে বিশেষ দিনটি স্মরণীয় করে রাখলেন মেসি।
















