মহাকাশ গবেষণায় নতুন মাইলফলক ছুঁয়েছে যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসা। আর্টেমিস টু মিশনে থাকা নভোচারীরা চাঁদের পথে যাত্রাকালে মহাকাশ থেকে পৃথিবীর প্রথম চমৎকার ছবি পাঠিয়েছে।
নাসা প্রকাশিত ছবিতে দেখা যায়, মহাকাশযানের জানালা দিয়ে পৃথিবী নীলাভ গোলকের মতো ভেসে উঠেছে, যার ওপর ছড়িয়ে রয়েছে সাদা মেঘের স্তর। অন্য একটি ছবিতে পুরো পৃথিবী এবং সবুজ আভাযুক্ত অরোরা দৃশ্যমান হয়েছে।
মিশনের তৃতীয় দিনে নভোচারীরা পৃথিবী থেকে প্রায় এক লাখ মাইল দূরে অবস্থান করছেন এবং দ্রুত চাঁদের দিকে এগিয়ে যাচ্ছেন। পরিকল্পনা অনুযায়ী, তারা কয়েক দিনের মধ্যেই চাঁদের কাছাকাছি পৌঁছাবেন।
এই অভিযানে তিনজন মার্কিন এবং একজন কানাডিয়ান নভোচারী অংশ নিয়েছেন। তারা চাঁদের চারপাশে ঘুরে আবার পৃথিবীতে ফিরে আসবেন, তবে চাঁদে অবতরণ করবেন না।
নভোচারীরা জানিয়েছেন, মহাকাশ থেকে পৃথিবীকে দেখা এক অভূতপূর্ব অভিজ্ঞতা। দিনের আলো ও রাতের আলোর মিশেলে পৃথিবীকে অত্যন্ত সুন্দর দেখাচ্ছে।
মিশনের অংশ হিসেবে তারা চাঁদের কাছাকাছি গিয়ে বৈজ্ঞানিক পর্যবেক্ষণ চালাবেন এবং তারপর চাঁদের মাধ্যাকর্ষণ ব্যবহার করে পৃথিবীতে ফিরে আসবেন।
এই যাত্রায় নভোচারীরা চাঁদের অদৃশ্য পাশ দিয়ে অতিক্রম করবেন, যা গত পাঁচ দশকের বেশি সময়ের মধ্যে মানুষের জন্য সবচেয়ে দূরের মহাকাশ ভ্রমণগুলোর একটি।
নাসার এই মিশন শুধু প্রযুক্তিগত সাফল্যই নয়, মানবজাতির ঐক্যের প্রতীক হিসেবেও বিবেচিত হচ্ছে। নভোচারীদের ভাষায়, মহাকাশ থেকে পৃথিবীকে দেখলে সব মানুষকে এক মনে হয়।
বিশেষজ্ঞরা বলছেন, এই মিশন ভবিষ্যতে চাঁদে মানুষের প্রত্যাবর্তন এবং আরও দূর মহাকাশ অভিযানের পথ খুলে দেবে।
















