গত ২৪ ঘণ্টায় ইউক্রেনের চারটি অঞ্চলে রাশিয়ার হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।
দক্ষিণাঞ্চলের জাপোরিঝিয়া শহরে একটি আবাসিক বাড়িতে ড্রোন হামলায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় দুই শিশুসহ আটজন আহত হয়েছেন বলে জানানো হয়েছে।
পাশের দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে পৃথক হামলায় আরও দুইজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। এছাড়া পূর্বাঞ্চলের দোনেৎস্ক ও দক্ষিণের খেরসন অঞ্চলে একজন করে নিহতের খবর পাওয়া গেছে।
এদিকে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন বন্ধে ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে। সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতির প্রভাবের মধ্যেই এই আলোচনা শুরু হয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যুদ্ধ বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাওয়া জরুরি। একই সঙ্গে রাশিয়া সত্যিকারেরভাবে যুদ্ধ শেষ করতে কতটা প্রস্তুত, তা বোঝাও গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।
আলোচনার অংশ হিসেবে রাশিয়ার তেলের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করার বিষয়টি নিয়েও কথা হচ্ছে। যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত বৈশ্বিক জ্বালানি মূল্য নিয়ন্ত্রণে সহায়তা করতে নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
তবে বিভিন্ন দফায় আলোচনা হলেও এখন পর্যন্ত যুদ্ধ বন্ধে কোনো অগ্রগতি দেখা যায়নি।
হামলায় ক্ষতিগ্রস্তদের স্বজনরা দ্রুত যুদ্ধের অবসান চান বলে জানিয়েছেন। তাদের মতে, দীর্ঘদিন ধরে চলা এই সংঘাত মানুষের জীবনে গভীর প্রভাব ফেলছে।
২০২২ সালের ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই যুদ্ধের পর থেকেই জাপোরিঝিয়া অঞ্চল নিয়মিত হামলার লক্ষ্যবস্তু হয়ে আসছে।
বিশ্লেষকদের মতে, বর্তমান পরিস্থিতিতে যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা রয়েছে এবং কূটনৈতিক সমাধান এখনো অনিশ্চিত রয়ে গেছে।
















