নৌ পরিবহন ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী রাজিব আহসান খাল দখলকারীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। রোববার ঝালকাঠির রাজাপুরে ৪ কোটি ৬৫ লাখ টাকা ব্যয়ে ৩ দশমিক ৪১ কিলোমিটার দীর্ঘ তুলাতলা খাল খনন কাজের উদ্বোধনকালে তিনি এই মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী বলেন, খাল দখলকারীদের কেবল শক্তি প্রয়োগ নয়, বরং সামাজিকভাবে বয়কট এবং জনসচেতনতার মাধ্যমেই মোকাবিলা করা সম্ভব। দেশের প্রতিটি খাল উদ্ধার করে মানুষের ব্যবহারোপযোগী করার মাধ্যমে পূর্বের জীবন-জীবিকার ধারা ফিরিয়ে আনতে সরকার ও প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিশ্রুতিবদ্ধ বলে তিনি উল্লেখ করেন।
খাল খনন প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন রাজিব আহসান। তিনি স্পষ্ট করে বলেন, খালের উপরিভাগ পরিষ্কার বা ‘শেভ’ নয়, বরং প্রকৃত খনন নিশ্চিত করতে হবে। কাজের স্বচ্ছতা বজায় রাখতে তিনি স্থানীয় জনগণকে তদারকির আহ্বান জানান। অনুষ্ঠানের বিশেষ অতিথি ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল বলেন, খনন কাজ শেষে তা সঠিকভাবে হয়েছে কি না তা পরিমাপ করা হবে এবং কোনো অনিয়ম পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
জেলা প্রশাসক মোমিন উদ্দিনের সভাপতিত্বে এই অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি এবং এলজিইডির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এলজিইডি সূত্র জানায়, এই প্রকল্পটি বাস্তবায়িত হলে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নতির পাশাপাশি কৃষি কাজ ও নৌ-যাতায়াতে ইতিবাচক প্রভাব পড়বে। খনন কাজ সম্পন্ন হলে স্থানীয় কৃষকরা সেচ সুবিধা পাওয়ার পাশাপাশি বর্ষা মৌসুমে জলাবদ্ধতা থেকেও মুক্তি পাবেন বলে আশা করা হচ্ছে।
















