সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে অবস্থানরত বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’-এর নাবিকদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম।
সোমবার (২ মার্চ) এক ভিডিও বার্তায় তিনি জাহাজের নাবিকদের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করে তাঁদের মনোবল অটুট রাখার আহ্বান জানান।
ভিডিও বার্তায় মন্ত্রী বলেন, কাতার থেকে স্টিল কার্গো নিয়ে বর্তমানে জেবেল আলী বন্দরে অবস্থানরত জাহাজের ৩১ জন নাবিক চলমান সংঘাতময় পরিস্থিতির মধ্যেও যে সাহসিকতা ও পেশাদারিত্বের পরিচয় দিচ্ছেন, তা জাতির জন্য গর্বের। সরকার তাঁদের এই অবদানকে অত্যন্ত গুরুত্বের সাথে মূল্যায়ন করছে।
মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যক্তিগতভাবে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে নিয়মিত নাবিকদের খোঁজখবর রাখছেন। ইতোমধ্যে জাহাজে অবস্থানরত ৩১ জন নাবিকের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। নাবিকদের মনোবল চাঙ্গা রাখতে জাহাজে উন্নতমানের খাবার ও প্রয়োজনীয় সামগ্রী নিশ্চিত করা হয়েছে।
তিনি আরও জানান, নাবিক ও তাঁদের পরিবারের সহায়তায় চট্টগ্রামের বিএসসি সদর দপ্তরে একটি বিশেষ ‘কন্ট্রোল সেল’ গঠন করা হয়েছে। দুবাইয়ে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং স্থানীয় এজেন্টরাও সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে। অচিরেই এই সংকটময় পরিস্থিতির উন্নতি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
















