লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি যুদ্ধবিমান ব্যাপক বোমাবর্ষণ করেছে। এর আগে হিজবুল্লাহ উত্তর ইসরায়েলের হাইফার কাছে একটি সামরিক ঘাঁটিতে রকেট ও ড্রোন হামলার দাবি করে।
ইরান-সমর্থিত লেবাননি সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ সোমবার ভোরে জানায়, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি হত্যার প্রতিশোধ এবং লেবানন ও এর জনগণের সুরক্ষার স্বার্থে তারা এ হামলা চালিয়েছে। সংগঠনটি দাবি করে, ইসরায়েলের ধারাবাহিক আগ্রাসন ও নেতাদের হত্যার জবাব দিতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
হিজবুল্লাহ এক বিবৃতিতে বলে, ইসরায়েল দীর্ঘ ১৫ মাস ধরে যে আগ্রাসন চালিয়ে যাচ্ছে, তা সতর্কবার্তা ছাড়া চলতে পারে না। তারা দাবি করে, উপযুক্ত সময় ও স্থানে নিজেদের প্রতিরক্ষা এবং প্রতিক্রিয়া জানানো তাদের অধিকার।
এর জবাবে ইসরায়েল দ্রুত বৈরুতের দক্ষিণাঞ্চলে বিমান হামলা চালায়। স্থানীয় গণমাধ্যম জানায়, দক্ষিণ লেবাননের একাধিক গ্রাম এবং পূর্বাঞ্চলের বেকা উপত্যকাতেও হামলা হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানায়, তারা লেবাননজুড়ে হিজবুল্লাহর বিরুদ্ধে জোরালো অভিযান চালাচ্ছে।
ইসরায়েলের সামরিক বাহিনী আরও দাবি করে, বৈরুত এলাকায় হিজবুল্লাহর জ্যেষ্ঠ সদস্য এবং দক্ষিণ লেবাননে এক গুরুত্বপূর্ণ ব্যক্তিকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। পাশাপাশি দক্ষিণ লেবানন ও বেকা উপত্যকার ৫০টিরও বেশি গ্রামের বাসিন্দাদের ঘরবাড়ি ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এই সংঘাতকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের একপক্ষে এবং ইরান ও তাদের মিত্রদের অন্যপক্ষে ক্রমবর্ধমান আঞ্চলিক যুদ্ধের অংশ হিসেবে দেখা হচ্ছে। ২০২৪ সালের যুদ্ধে হিজবুল্লাহর শীর্ষ সামরিক ও রাজনৈতিক নেতৃত্বের বড় অংশ নিহত হওয়ার পর সংগঠনটি দুর্বল হয়ে পড়েছে বলে বিশ্লেষকদের ধারণা।
২০২৪ সালের নভেম্বরে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হলেও লেবানন কর্তৃপক্ষের অভিযোগ, ইসরায়েল প্রায় প্রতিদিনই তা লঙ্ঘন করে হামলা চালিয়ে যাচ্ছে। জানুয়ারিতে বৈরুত জাতিসংঘে অভিযোগ জমা দিয়ে ২০২৫ সালের শেষ তিন মাসে লেবাননের সার্বভৌমত্ব লঙ্ঘনের দুই হাজারের বেশি ঘটনার তথ্য দেয়।
লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম হিজবুল্লাহর হামলাকে দায়িত্বজ্ঞানহীন আখ্যা দিয়ে বলেন, এতে দেশের নিরাপত্তা ঝুঁকিতে পড়ছে এবং ইসরায়েলকে আগ্রাসন চালানোর অজুহাত দেওয়া হচ্ছে। তিনি জানান, দেশকে নতুন সংকটে ঠেলে দেওয়া হবে না এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
















