উত্তর ইউরোপের নর্ডিক অঞ্চলের স্থপতিরা গত এক শতাব্দীতে আধুনিক বসবাসের ধারণাকে গভীরভাবে প্রভাবিত করেছেন। প্রাকৃতিক উপকরণের ব্যবহার, চারপাশের প্রকৃতির সঙ্গে নিবিড় সংযোগ এবং মিতব্যয়ী অথচ পরিশীলিত নকশা—এই বৈশিষ্ট্যগুলো মিলেই গড়ে উঠেছে তাদের স্বতন্ত্র ‘নরম আধুনিকতা’ ধারা। নতুন গ্রন্থ The Iconic Nordic House: Modern Masterworks Since 1900-এ লেখক ডমিনিক ব্র্যাডবুরি এসব বাড়িকে আধুনিক স্থাপত্যের অনন্য নিদর্শন হিসেবে তুলে ধরেছেন।
নিচে ইতিহাসের আটটি গুরুত্বপূর্ণ নর্ডিক বাড়ির পরিচিতি দেওয়া হলো:
১. Lilla Hyttnäs
সুইডেনে কার্ল ও কারিন লারসনের নির্মিত এই বাড়িটি উনিশ শতকের শেষভাগে নর্ডিক গৃহধারণার নতুন ভাষা তৈরি করে। রঙিন দেয়ালচিত্র, নিজস্ব নকশার আসবাব ও বস্ত্রশিল্পে ভরা এই বাড়ি ছিল সরল কিন্তু সুরেলা। পরিবার, ঋতু পরিবর্তন ও প্রকৃতির সঙ্গে সম্পর্ক—এসবই ছিল এর কেন্দ্রবিন্দু।
২. Hvitträsk
এলিয়েল সারিনেনের এই ফিনিশ বাড়িটি ঐতিহ্য ও আধুনিকতার সন্ধিক্ষণে দাঁড়িয়ে। স্থানীয় স্থাপত্যরীতি, জাতীয় রোমান্টিক ধারা ও আর্ট নুভো শৈলীর সংমিশ্রণে এটি গড়ে ওঠে।
৩. Villa Snellman
এরিক গুনার আসপ্লুন্ডের নকশায় নির্মিত এই বাড়ি শাস্ত্রীয় ও রোমান্টিক উপাদানকে আধুনিক পরিকল্পনার সঙ্গে যুক্ত করেছে। অভ্যন্তরের স্থানবিন্যাসে রয়েছে বৈচিত্র্য ও চমক।
৪. Villa Carsten
জোসেফ ফ্র্যাঙ্কের দুইতলা কাঠের গ্রীষ্মকালীন বাড়ি। বড় উন্মুক্ত বসার ঘর, প্রাকৃতিক আলো, কাঠের মেঝে ও সাদামাটা দেয়াল—সব মিলিয়ে এটি মধ্য-শতকের আধুনিকতার গুরুত্বপূর্ণ উদাহরণ।
৫. Villa Mairea
আলভার আলতোর এই বাড়ি বনভূমির প্রেক্ষাপটে নির্মিত। কাঠের আবরণ, সাদা ইট, খোলা পরিকল্পনার বসার ঘর এবং প্রকৃতিকে ঘরে টেনে আনার অভিনব কৌশল এটিকে বিংশ শতকের অন্যতম শ্রেষ্ঠ স্থাপত্যকীর্তি করেছে।
৬. Juhl House
ফিন ইউলের নিজস্ব বাড়ি, এল-আকৃতির বিন্যাসে নির্মিত। মেঝে থেকে ছাদ পর্যন্ত জানালা ও বাগানের দিকে খোলা দৃষ্টি, পাশাপাশি আংশিক উন্মুক্ত পরিকল্পনা—সব মিলিয়ে এটি উষ্ণ ও মানবিক আধুনিকতার প্রতীক।
৭. Bigaard Sørensen House
ফ্রিস ও মোল্টকের নকশা করা এই বাড়ি বনভূমির ফাঁকা জায়গায় স্থাপন করা হয়েছে। বড় উন্মুক্ত প্যাভিলিয়ন পরিকল্পনায় মাঝখানে অগ্নিকুণ্ড বসার ও খাওয়ার অংশ আলাদা করেছে। সরলতা ছিল এর মূল দর্শন।
৮. Kamban House
শিল্পী ইয়ানুস কামবান ও স্থপতি ইয়াকুপ পাউলি গ্রেগোরিউসেনের যৌথ নকশা। পাহাড়ের ঢালে স্থাপিত এই বাড়িতে স্থানীয় ঘাসের ছাদ ও উন্মুক্ত উপরের তলার বসার ঘর প্রকৃতির দৃশ্যকে ঘরের অংশ করে তুলেছে।
এই সব বাড়ির মিলিত বৈশিষ্ট্য হলো—প্রকৃতির প্রতি শ্রদ্ধা, প্রাকৃতিক উপকরণের ব্যবহার এবং বড় উন্মুক্ত স্থান। আজকের উন্মুক্ত পরিকল্পনার ঘর, বড় জানালা ও কাঠের ছাদের প্রবণতায় এখনো নর্ডিক স্থাপত্যের প্রভাব স্পষ্ট।
















