যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া অভিবাসন অভিযানের অংশ হিসেবে আটক হওয়া পাঁচ বছরের এক শিশু ও তার বাবা অবশেষে নিজ বাড়িতে ফিরেছেন। টেক্সাসের একটি আটক কেন্দ্রে প্রায় ১০ দিন থাকার পর তারা মিনেসোটায় ফিরে যান।
ইকুয়েডর থেকে আশ্রয়প্রার্থী লিয়াম কোনেহো রামোস ও তার বাবা আদ্রিয়ান কোনেহো আরিয়াসকে টেক্সাসের ডিলি আটক কেন্দ্রে রাখা হয়েছিল। যুক্তরাষ্ট্রের জেলা বিচারক ফ্রেড বায়েরি শনিবার তাদের মুক্তির নির্দেশ দেন।
টেক্সাসের ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য হোয়াকিন কাস্ত্রো সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, শনিবার রাতে তিনি নিজে আটক কেন্দ্র থেকে বাবা ও ছেলেকে নিয়ে আসেন এবং রোববার তাদের মিনেসোটার বাড়ি পর্যন্ত পৌঁছে দেন।
কাস্ত্রো লেখেন, লিয়াম এখন বাড়িতে ফিরেছে, মাথায় টুপি আর পিঠে ব্যাকপ্যাক নিয়ে। তিনি বলেন, সব শিশু ও পরিবার নিরাপদে ঘরে না ফেরা পর্যন্ত তাদের লড়াই চলবে।
গত ২০ জানুয়ারি প্রাক্বিদ্যালয় থেকে বাড়ি ফেরার সময় অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থার সদস্যরা লিয়াম ও তার বাবাকে আটক করে। নীল রঙের খরগোশ আকৃতির টুপি ও ব্যাকপ্যাক পরা শিশুটিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতে নিয়ে যাওয়ার ছবি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক ক্ষোভের সৃষ্টি করে।
মিনিয়াপলিসের উপশহরের কলম্বিয়া হাইটস স্কুল জেলার তথ্যমতে, ওই এলাকায় চারজন শিক্ষার্থীকে অভিবাসন কর্মকর্তারা আটক করেছিলেন, যাদের একজন ছিল লিয়াম।
স্বদেশ নিরাপত্তা বিভাগের সহকারী সচিব ট্রিসিয়া ম্যাকলাফলিন এক বিবৃতিতে বলেন, লিয়ামকে লক্ষ্য করে আটক করা হয়নি। তার দাবি, বাবাকে আটক করার পর শিশুটিকে নিতে তার মা অস্বীকৃতি জানান এবং বাবা নিজেই ছেলেকে সঙ্গে রাখতে চান।
তিনি আরও বলেন, ট্রাম্প প্রশাসন অভিবাসন ব্যবস্থায় আইন ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে বদ্ধপরিকর এবং যাদের দেশে থাকার বৈধ অধিকার নেই, তাদের আটক ও বহিষ্কারের কার্যক্রম চলবে।
তবে প্রতিবেশী ও স্কুল কর্তৃপক্ষের অভিযোগ, ফেডারেল কর্মকর্তারা শিশুটিকে প্রলোভন হিসেবে ব্যবহার করেছিলেন এবং তাকে দরজায় নক করতে বলেন যাতে তার মা দরজা খুলে দেন। স্বদেশ নিরাপত্তা বিভাগ এই অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে। তাদের বক্তব্য অনুযায়ী, বাবা দৌড়ে পালানোর চেষ্টা করেন এবং চলন্ত গাড়িতে শিশুটিকে রেখে যান।
বিচারক বায়েরি তার রায়ে সরকারের আচরণকে তীব্র ভাষায় সমালোচনা করে বলেন, দৈনিক বহিষ্কার কোটা পূরণের জন্য এমনভাবে অভিযান চালানো হয়েছে, যা শিশুদের মানসিকভাবে আঘাত করে। তিনি যুক্তরাষ্ট্রের সংবিধানের চতুর্থ সংশোধনীর কথাও উল্লেখ করেন, যা অযৌক্তিক তল্লাশি ও আটকের বিরুদ্ধে নাগরিকদের সুরক্ষা দেয়।
মিনেসোটার ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য ইলহান ওমর সামাজিক যোগাযোগমাধ্যমে লিয়াম, তার বাবা ও কাস্ত্রোর সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করেন। ছবিতে তিনি লিয়ামের স্পাইডারম্যান ব্যাকপ্যাক ধরে আছেন। ক্যাপশনে তিনি লেখেন, স্বাগতম বাড়িতে লিয়াম।
















