হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স একটি ৭ সদস্যের কমিটি গঠন করেছে।
শনিবার (১৮ অক্টোবর) রাতে বিমানের পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ, অতিরিক্ত দায়িত্ব) মো. নওসাদ হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এই কমিটি গঠিত হয়।
কমিটির সদস্য ও দায়িত্ব গঠিত এই তদন্ত কমিটিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একজন প্রতিনিধিকে রাখা হয়েছে।
কমিটিতে যারা আছেন:
- বিমানের চিফ (ফ্লাইট সেফটি)
- বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিনিধি
- মহাব্যবস্থাপক (কর্পোরেট সেফটি অ্যান্ড কোয়ালিটি)
- চিফ ইঞ্জিনিয়ার (কোয়ালিটি অ্যাস্যুরেন্স)
- উপ-মহাব্যবস্থাপক (সিকিউরিটি)
- উপ-মহাব্যবস্থাপক (কার্গো-রপ্তানি)
- উপ-ব্যবস্থাপক (ইন্স্যুরেন্স)
কমিটির প্রধান দায়িত্বসমূহ:
১. অগ্নিকাণ্ডের কারণ চিহ্নিত করা।
২. ক্ষয়-ক্ষতির পরিমাণ নির্ধারণ করা।
৩. অগ্নিকাণ্ডের জন্য দায়-দায়িত্ব চিহ্নিত করা।
৪. ভবিষ্যতে অগ্নিকাণ্ড প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশমালা তৈরি করা।
কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও-এর কাছে দাখিল করতে বলা হয়েছে।
















