ভারতের মহারাষ্ট্র রাজ্যের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার এক বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক কর্তৃপক্ষ। বুধবার মুম্বাই থেকে উড্ডয়ন করা বিমানটি তার নির্বাচনী এলাকা বারামতিতে অবতরণের সময় বিধ্বস্ত হয়।
বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় অজিত পাওয়ার ছাড়াও তার দপ্তরের দুই কর্মী এবং বিমানের দুই ক্রু সদস্যের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
অনলাইন ফ্লাইট ট্র্যাকিং সেবার তথ্য অনুযায়ী, বিমানটি বারামতি বিমানবন্দরে দ্বিতীয়বার অবতরণের চেষ্টা করছিল, এ সময় এটি ভেঙে পড়ে। স্থানীয় সময় সকাল প্রায় পৌনে নয়টার দিকে দুর্ঘটনাটি ঘটে বলে জানানো হয়েছে।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, অজিত পাওয়ার জেলা পরিষদ নির্বাচনের একটি জনসভায় যোগ দিতে যাচ্ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, মাটিতে আছড়ে পড়ার পরপরই বিমানটিতে বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়। আগুনের তীব্রতার কারণে ভেতরে থাকা যাত্রীদের উদ্ধার করা সম্ভব হয়নি।
৬৬ বছর বয়সী অজিত পাওয়ার ছিলেন জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির প্রতিষ্ঠাতা শারদ পাওয়ারের ভাতিজা। তিনি সমবায় আন্দোলনের মাধ্যমে রাজনীতিতে নিজের অবস্থান গড়ে তোলেন এবং মহারাষ্ট্রের রাজনীতিতে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
তিনি রাজ্যের ক্ষমতাসীন জোট সরকারের দ্বিতীয় সর্বোচ্চ নির্বাচিত নেতা ছিলেন এবং গ্রামীণ ভোটারদের সংগঠিত করার ক্ষেত্রে তার ব্যাপক প্রভাব ছিল, বিশেষ করে মহারাষ্ট্রের চিনি উৎপাদন এলাকায়।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় অজিত পাওয়ারের আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, অজিত পাওয়ার একজন পরিশ্রমী ও সম্মানিত রাজনীতিক ছিলেন এবং দরিদ্র ও বঞ্চিত মানুষের ক্ষমতায়নে তার আগ্রহ ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য।
দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং কর্তৃপক্ষ বিস্তারিত তথ্য জানার অপেক্ষায় রয়েছে।
















