দূষণের আশঙ্কায় ফ্রান্সসহ একাধিক দেশে শিশুখাদ্য দুধের কিছু ব্যাচ বাজার থেকে প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ফরাসি দুগ্ধপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ল্যাকটালিস। বুধবার দেওয়া এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, সরবরাহকারী প্রতিষ্ঠানের একটি উপাদানে ক্ষতিকর বিষাক্ত পদার্থ পাওয়ার আশঙ্কায় স্বেচ্ছায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ল্যাকটালিস জানায়, ফার্মেসি ও বড় খুচরা বিক্রয়কেন্দ্রে বিক্রি হওয়া পিকো ব্র্যান্ডের শিশুখাদ্য দুধের ছয়টি ব্যাচ প্রত্যাহার করা হচ্ছে। এসব পণ্যে সেরিউলাইড নামের এক ধরনের বিষাক্ত উপাদান থাকতে পারে, যা ডায়রিয়া ও বমির মতো অসুস্থতার কারণ হতে পারে।
প্রতিষ্ঠানটি স্বীকার করেছে, এই ঘোষণায় ছোট শিশুদের অভিভাবকদের মধ্যে উদ্বেগ তৈরি হতে পারে। তবে তারা জানিয়েছে, এখন পর্যন্ত ফ্রান্সে এসব পণ্য ব্যবহারের ফলে কোনো অসুস্থতার অভিযোগ বা প্রতিবেদন পাওয়া যায়নি।
ফ্রান্সের বাইরে অস্ট্রেলিয়া, চিলি, চীন, কলম্বিয়া, কঙ্গো প্রজাতন্ত্র, ইকুয়েডর, স্পেন, মাদাগাস্কার, মেক্সিকো, উজবেকিস্তান, পেরু, জর্জিয়া, গ্রিস, কুয়েত, চেক প্রজাতন্ত্র ও তাইওয়ানেও এই প্রত্যাহার কার্যক্রম প্রযোজ্য হবে। প্রতিটি দেশেই সীমিতসংখ্যক ব্যাচ প্রত্যাহার করা হচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে বিশ্বজুড়ে শিশুখাদ্য দুধ শিল্পে একের পর এক পণ্য প্রত্যাহারের ঘটনা ঘটছে। চলতি মাসের শুরু থেকে সুইস প্রতিষ্ঠান নেসলে প্রায় ষাটটি দেশে একই ধরনের আশঙ্কায় শিশুখাদ্য দুধ প্রত্যাহার করেছে।
এদিকে সিঙ্গাপুরের খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষ সম্প্রতি ফরাসি খাদ্যপ্রতিষ্ঠান ড্যানোনের মালিকানাধীন ডুমেক্স ব্র্যান্ডের শিশুখাদ্য দুধ এবং নেসলের কিছু ব্যাচ বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ দেয়। পরীক্ষায় সেগুলোতেও সেরিউলাইড শনাক্ত হয়।
ড্যানোন জানিয়েছে, ডুমেক্সের যেসব প্যালেট আটকানো হয়েছে, সেগুলো এখনো দোকানের তাক পর্যন্ত পৌঁছায়নি। নেসলেসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, তারা সতর্কতামূলক ও স্বেচ্ছামূলকভাবে এই প্রত্যাহার কার্যক্রম চালাচ্ছে।
ফরাসি স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, নেসলে প্রত্যাহার করা একটি ব্যাচের দুধ পান করার পর এক শিশুর মৃত্যুর ঘটনায় তদন্ত চলছে। তবে এই মৃত্যুর সঙ্গে ওই দুধের সরাসরি কোনো সম্পর্ক এখনো নিশ্চিত হয়নি।
উল্লেখ্য, দুই হাজার আঠারো সালে ল্যাকটালিস সালমোনেলা সংক্রমণ কেলেঙ্কারির কেন্দ্রবিন্দুতে ছিল। সে সময় বিশ্বজুড়ে আশির বেশি দেশ থেকে প্রায় এক কোটি বিশ লাখ কৌটা শিশুখাদ্য দুধ প্রত্যাহার করতে হয়েছিল প্রতিষ্ঠানটিকে।
















