বাংলাদেশ বিমানের ফ্লাইটে সন্ধ্যায় ঢাকায় পৌঁছানোর কথা
মায়ানমারের একটি স্ক্যাম সেন্টার থেকে উদ্ধার হওয়া আটজন বাংলাদেশি নাগরিক আজ দেশে ফিরছেন। উদ্ধার ও প্রত্যাবাসন প্রক্রিয়ায় পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ দূতাবাস ও ব্র্যাক সমন্বিতভাবে কাজ করেছে।
মায়ানমারের একটি স্ক্যাম সেন্টার থেকে উদ্ধার হওয়া আটজন বাংলাদেশি নাগরিক আজ বৃহস্পতিবার দেশে ফিরছেন। বাংলাদেশ বিমান–এর বিজি–৩৮৯ নম্বর ফ্লাইটে সন্ধ্যা ৬টায় তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর–এ পৌঁছানোর কথা রয়েছে।
দেশে ফেরা বাংলাদেশিরা হলেন— মো. আব্দুল মালেক, হাবিবুর রহমান, রহিম বাদশা, এসকে মিনহাজুল হোসেন, মো. মেহরাজ হাসান, রিয়াজ ফকির, রিপন মিয়া এবং উলহাসায় মারমা। এর আগে, ২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর মায়ানমার থেকে আরও ১৮ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছিলেন।
ভুক্তভোগীদের উদ্ধার এবং নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে পররাষ্ট্র মন্ত্রণালয় ও থাইল্যান্ডে অবস্থিত বাংলাদেশ দূতাবাস–এর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করে ব্র্যাক। সংস্থাটি দীর্ঘদিন ধরে মানবপাচার ও জোরপূর্বক শ্রমের শিকার ব্যক্তিদের সহায়তায় সক্রিয়ভাবে কাজ করে আসছে।
ব্র্যাক জানিয়েছে, দেশে পৌঁছানোর পর বিমানবন্দরে উদ্ধার হওয়া ব্যক্তিদের জন্য জরুরি সহায়তা ও প্রয়োজনীয় প্রাথমিক সেবা দেওয়া হবে। পাশাপাশি পরবর্তী সময়ে তাদের পুনর্বাসন ও মানসিক সহায়তার বিষয়েও প্রয়োজন অনুযায়ী সহযোগিতা অব্যাহত থাকবে।
















