আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশগ্রহণ; বাংলাদেশ–আফগানিস্তান বাণিজ্য সম্প্রসারণে একাধিক বৈঠক
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশগ্রহণ এবং দ্বিপক্ষীয় বাণিজ্য সম্ভাবনা নিয়ে আলোচনা করতে ঢাকায় এসেছেন আফগানিস্তানের তালেবান সরকারের শিল্প ও বাণিজ্য উপমন্ত্রী মৌলভি আহমাদুল্লাহ জাহিদ।
আফগানিস্তানের তালেবান সরকারের শিল্প ও বাণিজ্য উপমন্ত্রী মৌলভি আহমাদুল্লাহ জাহিদ সরকারি সফরে ঢাকায় অবস্থান করছেন। সফরের অংশ হিসেবে তিনি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা পরিদর্শনের পাশাপাশি বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার বাণিজ্য সম্প্রসারণ নিয়ে একাধিক বৈঠক ও আলোচনা অনুষ্ঠানে অংশ নিয়েছেন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে আফগানিস্তানের বাণিজ্য মন্ত্রণালয় জানায়, দুই দেশ তাদের সম্পর্ককে বন্ধুত্বপূর্ণ পর্যায় থেকে অর্থনৈতিক অংশীদারত্বে উন্নীত করার বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছে। লক্ষ্য হিসেবে বাণিজ্যের পরিমাণ বৃদ্ধি, পারস্পরিক আস্থা জোরদার এবং উভয় দেশের জন্য বাস্তবভিত্তিক অর্থনৈতিক সুফল নিশ্চিত করার কথা উল্লেখ করা হয়।
সফরের অংশ হিসেবে আফগান প্রতিনিধিদল গত রোববার বাংলাদেশের বাণিজ্যসচিব মাহবুবুর রহমান-এর সঙ্গে বৈঠক করে। এ ছাড়া সোমবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফ-এর সঙ্গেও বৈঠক অনুষ্ঠিত হয়।
আফগান বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, এসব বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের সম্ভাব্য খাতগুলো নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে বাংলাদেশের ওষুধ শিল্পের আন্তর্জাতিক মান তুলে ধরে আফগানিস্তানে নিয়মিত ও দীর্ঘমেয়াদে ওষুধ ও চিকিৎসাসামগ্রী রপ্তানিতে বাংলাদেশের আগ্রহ ও প্রস্তুতির কথা জানানো হয়েছে।
বিশ্লেষকদের মতে, তালেবান সরকারের মন্ত্রী পর্যায়ের এই সফর বাংলাদেশ–আফগানিস্তান অর্থনৈতিক সম্পর্ককে নতুন মাত্রা দিতে পারে, বিশেষ করে বাণিজ্য ও রপ্তানি সহযোগিতার ক্ষেত্রে।
















