প্রার্থিতা প্রত্যাহারের আগেই রাজনৈতিক উত্তাপ, পক্ষপাতের অভিযোগে সরব দলগুলো
ত্রিমুখী চাপে নির্বাচন কমিশন, কঠোর পদক্ষেপ না নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার শঙ্কা
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনৈতিক অঙ্গনে উত্তাপ ক্রমেই বাড়ছে। ভোটের মূল প্রচার শুরু হওয়ার আগেই নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে প্রধান রাজনৈতিক দলগুলো। বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং নবগঠিত জাতীয় নাগরিক পার্টি প্রকাশ্যে নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনেছে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। এই দিন শেষে চূড়ান্ত হবে কারা কারা নির্বাচনি লড়াইয়ে থাকছেন। তার আগেই কমিশনের নিরপেক্ষতা নিয়ে এমন অভিযোগ রাজনৈতিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
অন্যদিকে নির্বাচন কমিশন সব অভিযোগকে ‘রাজনৈতিক কৌশল’ হিসেবে আখ্যা দিয়ে দাবি করছে, তারা শতভাগ নিরপেক্ষভাবে কাজ করছে। তবে নির্বাচন বিশ্লেষকদের মতে, পরিস্থিতি সামাল দিতে ইসিকে এখনই কঠোর ও দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে, নইলে নির্বাচনি পরিবেশ নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।
















