৩১ জানুয়ারি সময়সীমার আগে ৩১ লাখ ৮৮ হাজার করদাতা রিটার্ন জমা
বাধ্যতামূলক না হলেও বিদেশে থাকা বাংলাদেশিরা স্বতঃস্ফূর্তভাবে ই-রিটার্নে যুক্ত হচ্ছেন, জানাল এনবিআর
ই-রিটার্ন দাখিলে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উল্লেখযোগ্য সাড়া পড়েছে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সোমবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক না হলেও তারা ব্যাপকভাবে ই-রিটার্ন সিস্টেম ব্যবহার করছেন।
এনবিআরের তথ্যমতে, সোমবার সন্ধ্যা পর্যন্ত ৪৫ লাখ ৫৩ হাজার করদাতা ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন করেছেন এবং ৩১ লাখ ৮৮ হাজার করদাতা ২০২৫–২৬ কর বছরের আয়কর রিটার্ন অনলাইনে জমা দিয়েছেন।
এর আগে গত ৪ আগস্ট ২০২৫ তারিখে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ২০২৫–২৬ করবর্ষের জন্য ই-রিটার্ন দাখিল কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। একটি বিশেষ আদেশের মাধ্যমে ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সী প্রবীণ করদাতা, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা, মৃত করদাতার আইনগত প্রতিনিধি এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক ছাড়া অন্য সব ব্যক্তি শ্রেণির করদাতার জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে।
এনবিআর বলছে, প্রবাসী করদাতাসহ সবার এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেশের কর ব্যবস্থাকে আরও ডিজিটাল ও স্বচ্ছ করার উদ্যোগকে গতি দিচ্ছে।
জাতীয় রাজস্ব বোর্ড সব ব্যক্তি শ্রেণির করদাতাকে আগামী ৩১ জানুয়ারি ২০২৬-এর মধ্যে ২০২৫–২৬ করবর্ষের আয়কর রিটার্ন ই-রিটার্ন সিস্টেমের মাধ্যমে দাখিল করার আহ্বান জানিয়েছে।
















