মাদক, অস্ত্র ও অপরাধী ধরতে দিনব্যাপী অভিযান, বিপুল আলামত উদ্ধার
রাজধানীর উত্তরা পশ্চিম থানার বিভিন্ন এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ; অভিযানে মাদক, ধারালো অস্ত্র ও মোবাইল ফোনসহ একাধিক আলামত উদ্ধার করা হয়েছে।
রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১০ জানুয়ারি) বিকেলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, উত্তরা পশ্চিম থানার আওতাধীন বিভিন্ন স্থানে পরিচালিত অভিযানে নিয়মিত মামলার আসামিসহ নানা অপরাধে জড়িত ব্যক্তিদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন— শাকিল আহাম্মদ (৩০), সাদ ইবনে মাহবুব (২২), কাওছার হোসেন (১৯), মো. সজীব (১৭), মো. জুনায়েদ (১৪), মো. নুশিন (১৬), মাকসুদ ইসলাম মিথিল (২১), মো. সানি (২০), মো. ইব্রাহিম (৩০), মো. জাকির হোসেন (২৭), মো. ইয়ামিন (২১), মো. পারভেজ (১৯), মো. সালাম চৌধুরী (৩৫), মো. নাসির উদ্দিন নাঈম (২৩), আলী হোসেন (২২) ও মো. সাকিল (২৫)।
অভিযানকালে তাদের হেফাজত থেকে দুইটি পিভিসি ব্যানার, তিনটি মোবাইল ফোন, দুইটি লোহার তৈরি ধারালো দা, দুইটি হাতুড়ি, দুইটি চাকু, পাঁচ পুরিয়া গাঁজা, এক পিস ইয়াবা ও এক পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।
ডিএমপি জানায়, এলাকার আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা ও অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে চালানো হবে।
















