ষড়যন্ত্রের প্রকৃত রহস্য উদঘাটনে কূটনৈতিক পদক্ষেপের দাবি
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের মামলার চার্জশিট দাখিল হলেও এর প্রধান আসামিরা এখনো আইনের আওতার বাইরে থাকায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (১০ জানুয়ারি) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি অভিযোগ করেন যে, বর্বরোচিত এই হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্তরা পলাতক থাকায় ন্যায়বিচার বাধাগ্রস্ত হচ্ছে। তিনি প্রশ্ন তোলেন, অভিযুক্তরা দেশের ভেতরে আছে নাকি সীমান্ত পাড়ি দিয়েছে, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অস্পষ্ট বক্তব্য জনমনে সংশয় সৃষ্টি করছে। জামায়াত আমিরের মতে, যদি মূল শুটার ও পরিকল্পনাকারীরা পার্শ্ববর্তী দেশ ভারতে বা অন্য কোথাও অবস্থান করে থাকে, তবে সরকারকে অবিলম্বে দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতার মাধ্যমে তাদের ফিরিয়ে আনতে হবে। তিনি আরও বলেন, কেবল গ্রেফতারই যথেষ্ট নয়, এই নির্মম খুনের পেছনে কোনো সুদূরপ্রসারী রাজনৈতিক ষড়যন্ত্র বা দেশি-বিদেশি শক্তির ইন্ধন রয়েছে কি না, তা খুঁজে বের করা জরুরি।
তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৬ জানুয়ারি ডিবি পুলিশ এই মামলায় ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে, যার মধ্যে ১১ জন গ্রেফতার থাকলেও প্রধান অভিযুক্ত শুটার ফয়সাল করিম মাসুদ এবং পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত সাবেক কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পিসহ ৬ জন পলাতক রয়েছেন। পুলিশের দাবি, ফয়সাল ও তার সহযোগী মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছে। ডা. শফিকুর রহমান তার স্ট্যাটাসে হুশিয়ারি দিয়ে বলেন, একজন শহীদের রক্তের প্রতি সম্মান প্রদর্শন এবং ন্যায়বিচার নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। তিনি আশা প্রকাশ করেন, অন্তর্বর্তীকালীন সরকার জনআকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধাশীল হয়ে হাদি হত্যাকাণ্ডের প্রকৃত সত্য উদঘাটনে দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।
















