আইপিও রুলস যুগোপযোগী করায় বিএসইসি চেয়ারম্যানের আশাবাদ
পুঁজিবাজারে স্বচ্ছতা ও গতিশীলতা ফিরিয়ে আনতে নতুন ‘আইপিও রুলস’ বা পাবলিক অফার বিধিমালা কার্যকর হওয়ায় ভালো কোম্পানি তালিকাভুক্তির সম্ভাবনা বহুগুণ বেড়েছে বলে জানিয়েছেন বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।
বুধবার (৭ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি ভবনে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) নবনির্বাচিত কমিটির সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। বিএসইসি চেয়ারম্যান বলেন, আইপিও রুলস যুগোপযোগী করার ফলে এখন থেকে মানসম্পন্ন কোম্পানিগুলো বাজারে আসতে উৎসাহিত হবে। তিনি পুঁজিবাজারে মূলধন গঠন এবং পোর্টফোলিও ম্যানেজমেন্টের ক্ষেত্রে মার্চেন্ট ব্যাংকগুলোর সক্ষমতা ও নৈতিকতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। সভায় জানানো হয়, আইপিও রুলস গেজেটে প্রকাশিত হয়ে ইতোমধ্যেই কার্যকর হয়েছে যা দীর্ঘমেয়াদে বাজারের গভীরতা বাড়াতে সহায়ক হবে।
সাক্ষাৎ অনুষ্ঠানে বিএসইসি কমিশনার ফারজানা লালারুখ প্রতিটি মার্চেন্ট ব্যাংকের জন্য তথ্যবহুল ওয়েব পোর্টাল থাকার প্রয়োজনীয়তা তুলে ধরেন যা বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে। বৈঠকে বিএমবিএ-র নবনির্বাচিত সভাপতি ইফতেখার আলমের নেতৃত্বে নির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। বিএসইসি ও বিএমবিএ পুঁজিবাজারের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। নতুন বিধিমালার আওতায় আইপিও অনুমোদন প্রক্রিয়া আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক হবে এবং ভালো মৌলভিত্তির কোম্পানিগুলোকে তালিকাভুক্ত করতে সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে কমিশন।
















