ওয়েব সিরিজ থেকে বড় পর্দায় প্রত্যাবর্তন, উচ্ছ্বসিত ও নার্ভাস দিব্যেন্দু শর্মা
দর্শকপ্রিয় ওয়েব সিরিজ ‘মির্জাপুর’-এর মুন্না ত্রিপাঠী চরিত্র আবার ফিরছে—তবে এবার মোবাইল স্ক্রিনে নয়, সরাসরি সিনেমার বড় পর্দায়।
জনপ্রিয় সিরিজ মির্জাপুর-এ মুন্না ত্রিপাঠীর মৃত্যু ভক্তদের মনে যে শূন্যতা তৈরি করেছিল, এবার তা পূরণ হতে যাচ্ছে সিনেমার মাধ্যমে। ‘মির্জাপুর দ্য মুভি’-তে এই দাপুটে চরিত্রে আবার দেখা যাবে অভিনেতা দিব্যেন্দু শর্মা-কে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে দিব্যেন্দু শর্মা বলেন, মুন্না চরিত্রে ফিরতে পারা তার কাছে দ্বিতীয় জীবনের মতো। তার ভাষায়, “একই মানুষ, একই চরিত্র আর সেই চেনা দুনিয়া—এবার সবকিছু বড় পর্দায়। দর্শকরা দেখবেন, কিছুই কমেনি; বরং এনার্জি আরও বেড়েছে।”
তবে এই প্রত্যাবর্তন নিয়ে খানিকটা চাপও অনুভব করছেন তিনি। দিব্যেন্দু জানান, মুন্না ত্রিপাঠীকে ঘিরে দর্শকদের আবেগ আকাশচুম্বী, তাই প্রত্যাশার ভারও অনেক। তিনি বলেন, “আমি নিজেকে রিপিট করতে চাই না। মুন্না চরিত্রে নতুন কী চমক দেওয়া যায়, সেটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।”
ক্যারিয়ারের প্রায় ১৪ বছর পার করে দিব্যেন্দু নিজেকে এখন অনেক বেশি সচেতন অভিনেতা হিসেবে দেখেন। তার কথায়, “আমি বেছে বেছে কাজ করি। শুধু সিনেমা নয়, টাকা আর ইগোকেও এখন ‘না’ বলতে শিখেছি।”
সম্প্রতি মুক্তি পাওয়া তার নতুন কাজ শালি মহব্বত প্রসঙ্গে তিনি বলেন, একজন শিল্পী হিসেবে নিজের কাজ নিয়ে সন্তুষ্ট থাকাটাই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। “দিনশেষে পর্দায় নিজেকে দেখে যেন লজ্জা না লাগে—এই অনুভূতিটাই আমাকে চালিত করে,” যোগ করেন তিনি।
ওয়েব সিরিজ থেকে সিনেমার বড় পর্দায় মুন্না ভাইয়ের এই প্রত্যাবর্তন ‘মির্জাপুর’ ভক্তদের জন্য নিঃসন্দেহে অন্যতম আলোচিত বিনোদন খবর হয়ে উঠেছে।
















