সীমান্তে ফেলানী হত্যার ১৫ বছর উপলক্ষে আধিপত্যবাদবিরোধী বিক্ষোভ
সীমান্তে ফেলানী হত্যার ১৫ বছর উপলক্ষে ভারতীয় দূতাবাস অভিমুখে ‘আধিপত্যবাদবিরোধী মার্চ’ কর্মসূচি পালনকালে এনসিপির ঢাকা মহানগর উত্তর শাখার নেতাকর্মীদের আটকে দিয়েছে পুলিশ।
বুধবার বিকেলে রাজধানীর বাঁশতলা এলাকায় ভারতীয় দূতাবাসের কাছাকাছি পৌঁছালে পুলিশ সদস্যরা ব্যারিকেড দিয়ে মিছিলটি থামিয়ে দেন। এ সময় এনসিপির প্রায় ১০০ জন সদস্য ‘ভারতীয় আগ্রাসন রুখে দাও’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’ এবং ‘কাঁটাতারের ফেলানী, আমরা তোমাকে ভুলিনি’ সহ বিভিন্ন কড়া স্লোগান দিতে থাকেন। নেতাকর্মীরা অভিযোগ করেন যে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ভারত বাংলাদেশের রাজনীতি ও অর্থনীতিতে নগ্ন হস্তক্ষেপ করেছে এবং বিএসএফ এখনো সীমান্তে সাধারণ বাংলাদেশিদের হত্যা করে মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে।
বিক্ষোভ সমাবেশ থেকে নেতাকর্মীরা দাবি করেন, আইপিএল থেকে ষড়যন্ত্রমূলকভাবে বাংলাদেশের সেরা বোলার মুস্তাফিজুর রহমানকে যেভাবে বাদ দেওয়া হয়েছে, ঠিক একইভাবে বাংলাদেশে অবৈধভাবে কর্মরত ভারতীয় নাগরিকদেরও বের করে দিতে হবে। তারা আরও হুঁশিয়ারি দেন যে, আগামী নির্বাচনে ওয়াশিংটন, বেইজিং বা দিল্লির কোনো ধরনের হস্তক্ষেপ বরদাশত করা হবে না। গুম ও খুনের সাথে জড়িত সকল কর্মকর্তার বিচার এবং আন্তর্জাতিক পর্যায়ে ভারতের সীমান্ত হত্যাকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে এনসিপি নেতারা তাদের কর্মসূচি সমাপ্ত করেন।
















