প্রথম দিনে ৪১টি বাতিল আদেশ ও ১টি গ্রহণ আদেশের বিরুদ্ধে আপিল
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের আদেশের বিরুদ্ধে সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে মোট ৪২টি আপিল দায়ের করা হয়েছে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে প্রথম দিনে নির্বাচন কমিশনে (ইসি) ৪২টি আপিল দায়ের হয়েছে। এর মধ্যে ৪১টি আপিল মনোনয়নপত্র বাতিলের আদেশের বিরুদ্ধে এবং একটি আপিল মনোনয়নপত্র গ্রহণের আদেশের বিরুদ্ধে।
ইসি জানিয়েছে, রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে অঞ্চলভিত্তিক ১০টি বুথে এসব আপিল দায়ের করা হয়।
অঞ্চলভিত্তিক আপিল সংখ্যা:
- খুলনা অঞ্চল: ৩টি
- রাজশাহী অঞ্চল: ৫টি
- রংপুর অঞ্চল: ৩টি
- চট্টগ্রাম অঞ্চল: ২টি
- কুমিল্লা অঞ্চল: ৫টি (এর মধ্যে একটি গ্রহণ আদেশের বিরুদ্ধে)
- ঢাকা অঞ্চল: ১৫টি
- ময়মনসিংহ অঞ্চল: ১টি
- বরিশাল অঞ্চল: ১টি
- ফরিদপুর অঞ্চল: ৭টি
শুনানি ও নিষ্পত্তি
নির্বাচন কমিশনের নোটিশ অনুযায়ী, আপিল দায়েরের সময়সীমা ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত। আপিল শুনানি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত নির্বাচন ভবনের অডিটোরিয়ামে। ফুল কমিশন শুনানি গ্রহণ করবেন।
শুনানির সময়সূচি:
- ১০ জানুয়ারি: ১–৭০ নম্বর আপিল
- ১১ জানুয়ারি: ৭০–১৪০
- ১২ জানুয়ারি: ১৪১–২১০
- ১৩ জানুয়ারি: ২১১–২৮০
- ১৪ জানুয়ারি: ২৮১–৩৫০
- ১৫ জানুয়ারি: ৩৫১–৪২০
- ১৬ জানুয়ারি: ৪২১–৪৯০
- ১৭ জানুয়ারি: ৪৯১–৫৬০
- ১৮ জানুয়ারি: ৫৬১ থেকে অবশিষ্ট আপিল
শুনানি শেষে আপিলের ফলাফল মনিটরে প্রদর্শন, রায়ের পিডিএফ কপি ই-মেইলে প্রেরণ এবং নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এছাড়া নির্ধারিত দিনে অভ্যর্থনা ডেস্ক থেকে রায়ের অনুলিপি বিতরণ করা হবে।
















