এমপিওভুক্ত শিক্ষকদের বদলি স্বচ্ছ ও আধুনিক করতে ৬ সদস্যের কমিটি গঠন
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি প্রক্রিয়া ডিজিটাল ও স্বচ্ছ করতে সফটওয়্যার তৈরির উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ লক্ষ্যে একটি ছয় সদস্যের প্রস্তাব মূল্যায়ন কমিটি গঠন করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়–এর মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম পরিচালনার জন্য একটি আধুনিক সফটওয়্যার তৈরির উদ্যোগ নিয়েছে। এ সংক্রান্ত একটি কমিটি গঠনের চিঠি সম্প্রতি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর–এ পাঠানো হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব সাইয়েদ এ জেড মোরশেদ আলীর স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়, বদলি কার্যক্রমের সফটওয়্যার প্রস্তুতের জন্য টেলিটক বাংলাদেশ লিমিটেড–এর সঙ্গে সরকারি ক্রয়বিধি ২০২৫ অনুসারে Single Source Selection (SSS) পদ্ধতিতে ক্রয় কার্যক্রম সম্পন্ন করা হবে।
কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন মাউশির মহাপরিচালক অথবা অর্থ ও ক্রয় উইংয়ের পরিচালক। কমিটিতে বহিঃসদস্য হিসেবে রাখা হয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উপসচিব (উন্নয়ন-২ শাখা) এবং অর্থ মন্ত্রণালয়ের একজন সিস্টেম ম্যানেজারকে।
এছাড়া কমিটির সদস্য হিসেবে রয়েছেন—
- অর্থ ও ক্রয় শাখার সহকারী পরিচালক (বাজেট),
- সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন),
- শিক্ষা মন্ত্রণালয়ের আইসিটি বিভাগের একজন সিস্টেম অ্যানালিস্ট।
মাউশির মাধ্যমিক শাখার উপ-পরিচালককে কমিটির সদস্যসচিব করা হয়েছে।
শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, এই সফটওয়্যার চালু হলে এমপিওভুক্ত শিক্ষকদের বদলি প্রক্রিয়ায় স্বচ্ছতা বাড়বে, অনিয়ম কমবে এবং শিক্ষকরা ডিজিটাল পদ্ধতিতে নির্দিষ্ট নীতিমালার আওতায় বদলির আবেদন ও ফলাফল জানতে পারবেন। এটি শিক্ষা প্রশাসনে আধুনিকায়নের একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবেও দেখা হচ্ছে।















