নিরাপত্তা শঙ্কায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ভিসা কার্যক্রম বন্ধ
নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে ভারতের দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে সব ধরনের ভিসা ও কনসুলার সেবা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এসব সেবা বন্ধ থাকবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
নিরাপত্তা ঝুঁকির আশঙ্কায় বাংলাদেশ হাইকমিশন–এ ভিসা কার্যক্রম ও সব ধরনের কনসুলার সেবা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়।
সূত্র জানায়, শনিবার (২০ ডিসেম্বর) রাতে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে চরমপন্থী সংগঠন অখণ্ড হিন্দু রাষ্ট্রসেনা–এর ২০ থেকে ২৫ জন সদস্য বিক্ষোভে অংশ নেয়। তারা প্রায় ২০ মিনিট হাইকমিশনের সামনে অবস্থান করে বাংলাদেশের বিরুদ্ধে স্লোগান দেয় এবং ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে হুমকি দেয় বলে অভিযোগ ওঠে।
এই ঘটনার পর থেকেই দিল্লিতে হাইকমিশনার ও তার পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। রোববার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানান, হাইকমিশনারের পরিবার ঝুঁকি ও হুমকি অনুভব করছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, কূটনৈতিক মিশনের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত নাগরিক সেবা চালু রাখা ঝুঁকিপূর্ণ হতে পারে। সে কারণেই সাময়িকভাবে ভিসা ও কনসুলার কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, চব্বিশের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই ঢাকা ও নয়াদিল্লির কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন চলছে। সাম্প্রতিক সময়ে ইনকিলাব মঞ্চের নেতা শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পর দুই দেশের সম্পর্কের উত্তেজনা আরও বেড়েছে বলে কূটনৈতিক সূত্রগুলো মনে করছে।
















