আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এ প্রসিকিউশনের আনুষ্ঠানিক অভিযোগ, তদন্ত শেষ
জুলাই-আগস্টে সংঘটিত হত্যাযজ্ঞের অভিযোগে নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এ আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন।
চব্বিশের জুলাই-আগস্টে সংঘটিত হত্যাযজ্ঞের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ সাতজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এর রেজিস্ট্রারের কাছে এ অভিযোগপত্র জমা দেওয়া হয়। প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বিষয়টি নিশ্চিত করেন।
অভিযুক্ত অন্যরা হলেন—আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সংগঠনের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান।
প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সাতজনের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। গত ৮ ডিসেম্বর তদন্ত শেষ হওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
জুলাই-আগস্টের সহিংসতা ও হত্যাযজ্ঞের ঘটনায় দায় নির্ধারণের লক্ষ্যে এই অভিযোগ দাখিলকে বিচার প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
















