যুক্তরাজ্য সরকারের প্রতিনিধিদলের সঙ্গে পূর্বনির্ধারিত বৈঠকে অংশ নিতে ডা. শফিকুর রহমানের সফর
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান যুক্তরাজ্য সরকারের একটি প্রতিনিধিদলের সঙ্গে পূর্বনির্ধারিত বৈঠকে অংশ নিতে লন্ডন সফরে গেছেন। সবকিছু ঠিক থাকলে আগামী ২১ ডিসেম্বর তিনি দেশে ফিরবেন বলে জানিয়েছে দলীয় সূত্র।
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বুধবার (১৭ ডিসেম্বর) সকালে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা দেন তিনি।
এ সময় বিমানবন্দরে উপস্থিত থেকে তাকে বিদায় জানান দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। সফরকালে ডা. শফিকুর রহমানের ব্যক্তিগত সচিব (পিএস) নজরুল ইসলাম তার সঙ্গে রয়েছেন।
দলীয় সূত্র জানায়, যুক্তরাজ্য সরকারের একটি প্রতিনিধিদলের সঙ্গে পূর্ব থেকেই নির্ধারিত বৈঠক ও কর্মসূচিতে অংশ নিতেই এই লন্ডন সফর। সফর শেষে তিনি সৌদি আরবে গিয়ে পবিত্র ওমরাহ পালন করবেন বলেও জানা গেছে।
এ বিষয়ে অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, “ব্রিটিশ সরকারের সঙ্গে পূর্বনির্ধারিত বৈঠকের কর্মসূচি থাকায় জামায়াত আমির লন্ডনে গেছেন। সেখানে নির্ধারিত কাজ শেষ করে তিনি ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাবেন।”
তিনি আরও জানান, সবকিছু স্বাভাবিক থাকলে আগামী ২১ ডিসেম্বর জামায়াত আমির দেশে ফিরবেন।
লন্ডনে অবস্থানকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে কোনো সাক্ষাৎ হবে কি না—এমন প্রশ্নের জবাবে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, এ বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই।
















