কক্সবাজারের টেকনাফ উপকূলে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় ১২ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ভোরে সেন্টমার্টিনের ছেঁড়াদিয়া এলাকার পূর্বদিকে এ ঘটনা ঘটে।
আটক জেলেদের মধ্যে রয়েছেন—সেন্টমার্টিনের মো. কবির, আব্দুর রহমান, মো. লেডু মিয়া, মো. রমিস আহমদ, আব্দুর রশিদ, মো. জিয়াউর রহমান, আমানুল্লাহ, ওসমান, আবু তাহের, আব্দুল্লাহ এবং শাহপরীর দ্বীপের বাসিন্দা মো. আলমসহ আরও একজন যার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় জেলে আব্দুল গফুর জানান, ভোরে ছেঁড়াদিয়া এলাকায় মাছ ধরার সময় নুর আহমেদের ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে নিয়ন্ত্রণ হারায়। নির্দিষ্ট গতিপথ থেকে সরে যাওয়ার পর আরাকান আর্মির সদস্যরা ট্রলারে থাকা ৬ জেলেকে আটক করে। একইভাবে মো. ইলিয়াসের ট্রলার থেকেও আরও ৬ জনকে ধরে নিয়ে যাওয়া হয়।
টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহেসান উদ্দিন বলেন, “আমরা দুটি ট্রলারসহ ১২ জেলে ধরে নিয়ে যাওয়ার খবর পেয়েছি। জেলেদের সতর্ক থাকতে হবে—কোনোভাবেই যেন তারা বাংলাদেশ সীমা অতিক্রম না করেন।”
ঘটনাটি নিয়ে স্থানীয় জেলে পরিবারের মাঝে তীব্র উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে।
















