ঢাকায় ভূমিকম্পে আহতদের চিকিৎসায় সর্বোচ্চ ১৫ হাজার টাকা সহায়তা দেবে জেলা প্রশাসন। চিকিৎসকের সুপারিশ সাপেক্ষে কন্ট্রোল রুমে যোগাযোগ করলেই মিলবে সরকারি আর্থিক সহায়তা।
চিকিৎসকের সুপারিশ সাপেক্ষে ঢাকায় আহত প্রত্যেককে মিলবে জরুরি আর্থিক সহায়তা—জেলা প্রশাসকের বিজ্ঞপ্তিতে জানানো হলো।
ঢাকা,২২ নভেম্বর ২০২৫:
ঢাকায় ভয়াবহ ভূমিকম্পের পর আহত নাগরিকদের জন্য জরুরি সহায়তার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। শুক্রবার রাতে জেলা প্রশাসক মো. রেজাউল করিম জানান—ভূমিকম্পে আতঙ্কে দৌড়াতে গিয়ে, সিঁড়ি বেয়ে নামতে গিয়ে বা বিভিন্ন স্থানে দুর্ঘটনার শিকার হয়ে যাঁরা আহত হয়েছেন, তাঁদের প্রত্যেককে সর্বোচ্চ ১৫ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করা হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকায় বসবাসকারী নাগরিক, কিংবা কাজের প্রয়োজনে ঢাকায় এসে ভূমিকম্প চলাকালে আহত হওয়া ব্যক্তিরা এই সহায়তা পাওয়ার যোগ্য। তবে চিকিৎসকের সুপারিশপত্র অবশ্যই থাকতে হবে।
জেলা প্রশাসন জানায়, আহত ব্যক্তি নিজে অথবা তাঁর পরিচর্যাকারী কিংবা নিকটাত্মীয় কন্ট্রোল রুমে যোগাযোগ করলেই সহায়তা গ্রহণের প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এজন্য জেলা প্রশাসনের কন্ট্রোল রুমের নম্বরও প্রকাশ করা হয়েছে: +৮৮০১৭০০৭১৬৬৭৮।
অন্যদিকে, এ বার্তা দ্রুত আহত রোগী বা তাঁদের স্বজনদের কাছে পৌঁছে দিতে বিশেষ অনুরোধ জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। ভূমিকম্প-পরবর্তী জরুরি পরিস্থিতিতে সরকারি সহায়তা দ্রুত নিশ্চিত করতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়।
















