ফিফা বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে আলোচনায় আসা কেপ ভার্দের অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনিয়াকে দলে ভিড়িয়েছে চিলির ঐতিহ্যবাহী ক্লাব কলো-কলো।
৪০ বছর বয়সী ভোজিনিয়া বলেন, ছোট ছোট লিগে খেললেও তিনি সবসময় বিশ্বাস করতেন যে তিনি বড় ক্লাবের খেলোয়াড়। তাই কলো-কলোর প্রস্তাব পাওয়ার পর আর কোনো দ্বিধা ছিল না।
তিনি বলেন, অনেক ক্লাব থেকে প্রস্তাব পেলেও কলো-কলোই ছিল তাঁর প্রথম পছন্দ। এমন ঐতিহ্যবাহী ক্লাবের প্রতিনিধিত্ব করাকে তিনি নিজের ক্লাব ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জন হিসেবে দেখছেন।
বিশ্বকাপে কেপ ভার্দের প্রথম অংশগ্রহণেই দলকে গ্রুপ পর্ব পার করাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ভোজিনিয়া। তাঁর অসাধারণ গোলরক্ষণ সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক প্রশংসা কুড়ায়। শেষ পর্যন্ত রাউন্ড অব ৩২-এ আর্জেন্টিনার কাছে অল্প ব্যবধানে হেরে বিদায় নেয় কেপ ভার্দে।
বিশ্বকাপে কেপ ভার্দে গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন স্পেনের সঙ্গে গোলশূন্য ড্র এবং উরুগুয়ে ও সৌদি আরবের সঙ্গেও ড্র করে গ্রুপ এইচ থেকে দ্বিতীয় স্থান অর্জন করে।
পর্তুগালের দ্বিতীয় বিভাগের ক্লাব শাভেস ছেড়ে কলো-কলোতে যোগ দিয়েছেন ভোজিনিয়া। এর আগে তিনি অ্যাঙ্গোলা, সাইপ্রাস, মলদোভা ও স্লোভাকিয়ার বিভিন্ন ক্লাবেও খেলেছেন।
তিনি বলেন, বিশ্বকাপ তাঁর ফুটবল জীবনের সেরা অভিজ্ঞতা হলেও এখন তাঁর পুরো মনোযোগ কলো-কলোর হয়ে নতুন অধ্যায় শুরু করার দিকে।
















