যুক্তরাষ্ট্রের তৈরি টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষার পর জাপানের বিরুদ্ধে অতিরিক্ত সামরিক পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে উত্তর কোরিয়া। দেশটির নেতা কিম জং উনের বোন ও প্রভাবশালী নেতা কিম ইয়ো জং অভিযোগ করেছেন, জাপান প্রতিরক্ষামূলক অবস্থান থেকে সরে গিয়ে আগাম হামলা চালানোর সক্ষমতা অর্জনের পথে এগোচ্ছে।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ প্রকাশিত এক বিবৃতিতে কিম ইয়ো জং বলেন, প্রশান্ত মহাসাগরে এইজিস ডেস্ট্রয়ার ‘চোকাই’ থেকে টমাহক ক্ষেপণাস্ত্র পরীক্ষা, অন্যান্য ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ এবং ফিলিপাইনে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন যৌথ সামরিক মহড়ায় অংশগ্রহণের মাধ্যমে জাপান আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলছে।
তিনি আরও অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র জাপানকে টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহ, যুদ্ধজাহাজ আধুনিকীকরণ এবং ক্ষেপণাস্ত্র পরীক্ষায় সহায়তা দিয়ে দেশটির সামরিক শক্তি বৃদ্ধিতে ভূমিকা রাখছে। এর প্রতিক্রিয়ায় উত্তর কোরিয়া এমন পদক্ষেপ নেবে, যাতে জাপান নিজেদের নিরাপত্তা নিয়ে অনুশোচনা করে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপানের যৌথ সামরিক সহযোগিতারও কঠোর সমালোচনা করেছে পিয়ংইয়ং। বিশ্লেষকদের মতে, জাপানের সামরিক আধুনিকীকরণকে বড় নিরাপত্তা হুমকি হিসেবে তুলে ধরে নিজেদের অস্ত্র কর্মসূচি আরও জোরদারের যৌক্তিকতা তৈরি করতে চাইছে উত্তর কোরিয়া।
বিশেষজ্ঞদের ধারণা, এই বক্তব্য ভবিষ্যতে উত্তর কোরিয়ার নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা বা সামরিক শক্তি প্রদর্শনের ইঙ্গিতও হতে পারে।
















