দুর্নীতির মামলায় দেওয়া ১৫ বছরের কারাদণ্ড বাতিল হওয়ার পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন পেরুর সাবেক প্রেসিডেন্ট ওলান্তা হুমালা। দেশটির সাংবিধানিক আদালত অর্থপাচারের মামলায় তার বিরুদ্ধে পরিচালিত বিচারপ্রক্রিয়া বাতিল ঘোষণা করে এ রায় দেয়।
ওলান্তা হুমালা ও তার স্ত্রী নাদিনে হেরেদিয়াকে নির্বাচনী প্রচারে অবৈধ অর্থ গ্রহণের অভিযোগে গত বছর দোষী সাব্যস্ত করা হয়েছিল। অভিযোগে বলা হয়, তারা ব্রাজিলের একটি নির্মাণ প্রতিষ্ঠান এবং ভেনেজুয়েলার সরকারের কাছ থেকে অবৈধ অর্থ গ্রহণ করেছিলেন। পরে হেরেদিয়া ব্রাজিলে রাজনৈতিক আশ্রয় নেন।
সাংবিধানিক আদালত জানিয়েছে, যে সময় নির্বাচনী অনুদান গ্রহণের ঘটনা ঘটেছিল, তখন ওই কর্মকাণ্ডকে অর্থপাচার হিসেবে আইনে সংজ্ঞায়িত করা হয়নি। এ কারণে পুরো বিচারপ্রক্রিয়া বাতিল করা হয়েছে এবং হুমালার কারাদণ্ডও আর বহাল থাকছে না।
হুমালার আইনজীবী আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, এ রায়ে তারা সন্তুষ্ট। আদালতের নির্দেশের পর রাজধানীর বিশেষ কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়।
ব্রাজিলের ওই নির্মাণ প্রতিষ্ঠানকে ঘিরে লাতিন আমেরিকার বিভিন্ন দেশে দুর্নীতির বিস্তৃত অভিযোগ ওঠে। প্রতিষ্ঠানটি বিভিন্ন অবকাঠামো প্রকল্পের কাজ পেতে বহু সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতাকে ঘুষ দেওয়ার বিষয়টি স্বীকার করেছিল। সেই কেলেঙ্কারিতে পেরুর একাধিক সাবেক রাষ্ট্রপ্রধানের নামও জড়িয়ে পড়ে।
















