ইয়েমেনের হুথি কর্তৃপক্ষ লোহিত সাগর দিয়ে চলাচলকারী জাহাজের কাছ থেকে অর্থ আদায়ের পরিকল্পনার খবর নাকচ করে দিয়েছে। তাদের দাবি, বাব আল-মান্দেব প্রণালি দিয়ে জাহাজ চলাচল এখনো সম্পূর্ণ অবাধ এবং নিরাপদ।
হুথিদের পরিচালিত মানবিক কার্যক্রম সমন্বয় কেন্দ্র এক বিবৃতিতে জানায়, তাদের নিরাপদ যাতায়াত সেবা সম্পূর্ণ স্বেচ্ছামূলক এবং এর জন্য কোনো ধরনের অর্থ নেওয়া হয় না। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি জাহাজ চলাচলের বিনিময়ে অর্থ দাবি করে, তবে তারা ইয়েমেন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতিনিধিত্ব করে না। একই সঙ্গে জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোকে অননুমোদিত কোনো পক্ষকে অর্থ বা তথ্য না দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
এর আগে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছিল, হুথিরা বাব আল-মান্দেব প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ওপর ফি আরোপের বিষয়টি বিবেচনা করছে। ওই প্রতিবেদনে আরও দাবি করা হয়, এ বিষয়ে চলতি মাসে তেহরানে অনুষ্ঠিত বৈঠকে ইরানের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে এবং সম্ভাব্য ফি ব্যবস্থাপনা গড়ে তুলতে সহায়তার কথাও ওঠে।
বাব আল-মান্দেব প্রণালি এশিয়া, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের মধ্যে তেল এবং বিভিন্ন পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। এ পথ ব্যবহার করে অর্থ আদায়ের উদ্যোগ বাস্তবায়িত হলে আন্তর্জাতিক বাণিজ্যে বড় প্রভাব পড়তে পারে বলে বিশ্লেষকদের ধারণা।
এদিকে সামুদ্রিক চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে সৌদি আরব সম্প্রতি ১৪টি দেশকে নিয়ে একটি সামুদ্রিক জোট গঠনের ঘোষণা দিয়েছে। এই জোট বাব আল-মান্দেব প্রণালি, লোহিত সাগর এবং এডেন উপসাগরে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করার লক্ষ্যে কাজ করবে।
















