রাজধানীর পল্লবীতে শিশু রামিসা হত্যা মামলার আসামি সোহেল রানা আদালতে তোলার সময় ধর্ষণের সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তবে হত্যার দায় অস্বীকার করে তিনি দাবি করেছেন, ‘ডলার’ নামের আরেক ব্যক্তি হত্যাকাণ্ডের জন্য দায়ী।
সোমবার ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে মামলার অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে বিচারক মাসরুর সালেকীন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। একই সঙ্গে সাক্ষ্য গ্রহণের জন্য আগামী মঙ্গলবার দিন ধার্য করেন।
আদালতে নেওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে সোহেল রানা বলেন, “ডলার ধর্ষণ করছে, ডলার মারছে। ডলারকে ধরেন।” প্রিজনভ্যান থেকে তিনি আরও বলেন, “আমি পাপ করছি, ডলারও করছে।”
তিনি দাবি করেন, “ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার। আমি শুধু লাশটা গুম করতে চাইছিলাম, কিন্তু পারি নাই। আপনারা ডলারকে ধরেন, ডলারকে ধরলে সব খুঁজে পাবেন।”
আদালত প্রাঙ্গণে সোহেল রানা আরও বলেন, “আমি একা দোষী না, আমার স্ত্রীর দোষ নেই। সব দোষ ডলারের। আমি ধর্ষণ করছি, মারছে ডলার।”
শুনানিকালে আসামিরা নিজেদের নির্দোষ দাবি করেন। অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলার আনুষ্ঠানিক বিচারকাজ শুরু হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, পরবর্তী পর্যায়ে সাক্ষ্য গ্রহণ, আত্মপক্ষ সমর্থন ও যুক্তিতর্ক শেষে মামলার রায় ঘোষণা করা হবে।
















