পবিত্র ঈদুল আজহার ঈদযাত্রায় উত্তরবঙ্গের যাত্রীদের জন্য এবারও অন্যতম প্রধান দুর্ভোগের কারণ হয়ে উঠতে পারে নবীনগর-চন্দ্রা মহাসড়ক। আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের চলমান নির্মাণকাজ, সড়কে যত্রতত্র ব্যাটারিচালিত অটোরিকশার দাপট এবং ভাঙাচোরা রাস্তার কারণে এবারও ঈদযাত্রায় কয়েকগুণ ভোগান্তির আশঙ্কা করছেন যাত্রী ও পরিবহন-সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সরেজমিনে দেখা গেছে, নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল থেকে শ্রীপুর পর্যন্ত অংশে এক্সপ্রেসওয়ের নির্মাণসামগ্রী, রড, কংক্রিট ব্লক ও ভারী যন্ত্রপাতি রাখার কারণে রাস্তা মারাত্মকভাবে সংকুচিত হয়ে পড়েছে। শিল্পাঞ্চল হওয়ায় এই পথে এমনিতেই ভারী যানবাহনের চাপ বেশি, তার ওপর রাস্তা সরু হয়ে যাওয়ায় সামান্য চাপেই দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। পরিবহন শ্রমিকদের মতে, নির্মাণকাজের কারণে কোনো গাড়ি বিকল হলে মুহূর্তের মধ্যে পেছনের পুরো সড়কে অচলাবস্থা তৈরি হচ্ছে।
যাত্রীদের অভিযোগ, প্রতি বছর ঈদের আগে প্রশাসনের পক্ষ থেকে নানা আশ্বাস দেওয়া হলেও বাস্তবে পরিস্থিতির তেমন কোনো পরিবর্তন হয় না। ঈদের শেষ কয়েক দিনে অতিরিক্ত যানবাহনের চাপ তৈরি হলে এই ভোগান্তি আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন তারা। নিরাপদ সড়ক চাই (নিসচা) আশুলিয়ার সভাপতি জিএম মিন্টু জানান, সড়কে শৃঙ্খলা ফেরাতে ধীরগতির যানবাহন নিয়ন্ত্রণ এবং নির্মাণসামগ্রী দ্রুত সরানো না গেলে এবার যানজট কমানো কঠিন হবে।
তবে হাইওয়ে পুলিশের ওসি শেখ শাহজাহান নিশ্চিত করেছেন যে, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পুলিশ সার্বক্ষণিক মাঠে থাকবে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন, দুর্ঘটনা প্রতিরোধে নজরদারি বৃদ্ধি এবং দ্রুত রেকার দিয়ে যানবাহন অপসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রশাসনের নানা আগাম প্রস্তুতি ও আশ্বাসের পরও চলমান নির্মাণকাজ ও সড়কের বিদ্যমান অব্যবস্থাপনার কারণে উত্তরের যাত্রীদের মনে স্বস্তির চেয়ে উদ্বেগই বেশি কাজ করছে।
















