কুমিল্লায় রেললাইনে বসে গাঁজা সেবন করছিলেন অজ্ঞাত এক যুবক। এ সময় ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে জেলার আদর্শ সদর উপজেলার শিমড়া-বানাশুয়া এলাকায় এ ঘটনা ঘটেছে।
খবর পেয়ে দুপুরে কুমিল্লা রেলওয়ে স্টেশন থেকে রেলপুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। মরদেহ উদ্ধার করা হলেও এখনো তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
স্থানীয়রা জানান, দূর থেকে তারা এক যুবককে ধূমপান করতে দেখেন। এ সময় একটি ট্রেন কয়েকবার হুইসেল দিলেও তিনি লাইন থেকে সরে যাননি। একপর্যায়ে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা মরদেহের পাশে একটি পুঁটলিতে কিছু গাঁজা দেখতে পান।
কুমিল্লা লাকসাম রেলওয়ে থানার ওসি জসীম উদ্দিন খন্দকার জানান, ওই যুবক রেললাইনে বসে গাঁজা সেবন করে সম্ভবত অচেতন হয়ে পড়ছিল। তাই ট্রেন আসার বিষয়টি তার খেয়ালে ছিল না। এতে চলন্ত ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।
বিষয়টি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) জানানো হয়েছে। হাতের ছাপ মিলিয়ে পরিচয় শনাক্তের পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে রেলওয়ে থানার ওসি জানান।
















