নবীনগরে ভয়াবহ অগ্নিকাণ্ড: গুদাম ও দোকানের কোটি টাকার মালামাল পুড়ে ছাই
ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা পৌর সদর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি চায়ের দোকান এবং দুইটি পাইকারি গুদামের বিপুল পরিমাণ নিত্যপ্রয়োজনীয় মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। আজ সোমবার (৩ নভেম্বর) ভোর পাঁচটার দিকে সোনালী ব্যাংক সংলগ্ন জামাল মিয়া মার্কেটে এই দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ক্ষয়ক্ষতির বিবরণ
প্রত্যক্ষদর্শী এবং বাজারের ব্যবসায়ীরা জানান, ভোর রাতে আগুন লাগার খবর পেয়ে স্থানীয়রা প্রথমে নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দুটি গুদামের প্রায় সব মালামাল পুড়ে যায়।
মার্কেটের মালিক জামাল মিয়া জানান, পুড়ে যাওয়া গুদামগুলোতে পাইকারি বিক্রেতাদের পণ্যসামগ্রী ছিল। ব্যবসায়ী নারায়ন শাহ, স্বপন চন্দ্র সাহা এবং আক্তার হোসেন সহ বেশ কয়েকজন ব্যবসায়ী এই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছেন। ধারণা করা হচ্ছে, ক্ষতির পরিমাণ কয়েক লক্ষাধিক টাকা হতে পারে।
শর্ট সার্কিট থেকে সূত্রপাত
প্রাথমিক তদন্তে স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।
নবীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেবব্রত সরকার জানান,
“স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। নদীতে পাইপ লাগিয়ে প্রায় ঘণ্টাখানেক চেষ্টা চালিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।”
তিনি আরও বলেন, আগুনে কয়েকটি গুদাম পুড়ে গেলেও আশপাশে থাকা অন্যান্য দোকান এবং একটি ব্যাংকে আগুন ছড়িয়ে পড়ার আগেই আমরা তা নেভাতে সক্ষম হয়েছি, ফলে আরও বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেছে।
















