ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানি সরবরাহে সংকট, কমানো হলো কর্মদিবস
পর্যটন ও অর্থনীতিতে নতুন ধাক্কার আশঙ্কা
ইরান যুদ্ধের প্রভাবে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় নেপাল সরকার সপ্তাহে দুই দিনের সাপ্তাহিক ছুটি ঘোষণা করেছে। এখন থেকে সরকারি অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠান সপ্তাহে পাঁচ দিন চালু থাকবে।
জরুরি মন্ত্রিসভা বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে দেশটিতে শুধু শনিবার ছিল সাপ্তাহিক ছুটি, তবে এখন শনিবার ও রবিবার—দুই দিনই ছুটি থাকবে।
সরকার জানিয়েছে, জ্বালানি সরবরাহে অস্বাভাবিক পরিস্থিতির কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী সোমবার থেকে শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অফিস চলবে।
নেপাল সম্পূর্ণভাবে জ্বালানির জন্য ভারতের ওপর নির্ভরশীল, ফলে আন্তর্জাতিক বাজারে দামের ওঠানামার প্রভাব সরাসরি দেশটিতে পড়ে।
সম্প্রতি দেশটিতে বিমান জ্বালানির দাম প্রায় দ্বিগুণ করা হয়েছে। এছাড়া অন্যান্য জ্বালানিতেও মূল্য বৃদ্ধি করা হলেও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো এখনও ক্ষতির মুখে রয়েছে।
সরকার ইতোমধ্যে গ্যাসের ব্যবহার নিয়ন্ত্রণে পদক্ষেপ নিয়েছে। অর্ধেক ভরা সিলিন্ডার বিক্রি করা হচ্ছে যাতে অপচয় ও মজুদ কমানো যায়।
জ্বালানির দাম বৃদ্ধির কারণে পর্যটন খাতেও প্রভাব পড়ছে। বিমান ভাড়া বাড়ায় দেশি-বিদেশি যাত্রীদের ওপর বাড়তি চাপ সৃষ্টি হয়েছে।
বিশ্লেষকদের মতে, এই সংকট দীর্ঘস্থায়ী হলে নেপালের অর্থনীতি, বিশেষ করে পর্যটননির্ভর খাত, বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারে।
সরকার বিকল্প হিসেবে বিদ্যুৎচালিত যানবাহন ব্যবহারের বিষয়েও চিন্তাভাবনা করছে, তবে এ বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।
















