ময়মনসিংহ নগরীর জলাবদ্ধতা নিরসনে আকুয়া এলাকায় সোয়া আট কিলোমিটার খাল পুনঃখনন কর্মসূচি গ্রহণ করেছেন ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) নবনিযুক্ত প্রশাসক রুকুনোজ্জামান রোকন।
বর্ষার আগেই জলাবদ্ধতা থেকে মুক্তির লক্ষ্যে সিটি প্রশাসক এ খাল পুনঃখননের উদ্যোগ নেন। রোববার সকাল থেকে দিনব্যাপী নগরীর আকুয়া খাল, মাকরজানি খাল, বাইপাস খাল, চরপাড়া খাল পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে রুকুনোজ্জামান রোকন বলেন, বর্ষাকালে এই শহর জলাবদ্ধতায় নিমজ্জিত থাকে। খালগুলোতে পানি ঢোকার পথের বেহাল অবস্থা। খালের পানি যাতে বাঁধাগ্রস্ত না হয় সেই জায়গাটা আমরা খোঁজার চেষ্টা করছি। পানির প্রবাহ ঠিক রেখে দ্রুত এই অবস্থা থেকে মুক্তির চেষ্টা করছি। অতীতে এই শহরের জন্য কাজ করার কোনো সুযোগ ছিল না। তাই নাগরিকরা যেন আগের চেয়ে ভালো সুযোগ-সুবিধা পায়- সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। এজন্য সবার সহযোগিতা কামনা করেন তিনি।
এ সময় সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম, বর্জ্য ব্যবস্থাপনার কর্মকর্তাসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
















