গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আর বৈরী আবহাওয়াকে উপেক্ষা করেই পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন মাগুরার ধর্মপ্রাণ মুসল্লিরা।
শনিবার (২১ মার্চ) সকাল থেকেই আকাশ মেঘলা থাকলেও ঈদের আনন্দে কোনো ভাটা পড়েনি।
শহরের নোমানী ময়দানে সকাল ৮টায় অনুষ্ঠিত হয় মাগুরার প্রধান ঈদের জামাত। এখানে এক সঙ্গে হাজারো মুসল্লি নামাজ আদায় করেন।
এছাড়া জেলার বিভিন্ন স্থানে ছোট-বড় মিলিয়ে চার শতাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
এর মধ্যে উল্লেখযোগ্য হলো- পিটিআই পাড়া, পারনান্দুয়ালী ব্যাপারীপাড়া মসজিদ, মোল্যাপাড়া ঈদগাহ মাঠ, ভায়না গোরস্থান মসজিদ, পূর্ব পানি ভবন জামে মসজিদ, পারলা ঈদগাহ মাঠ এবং নীজনান্দুয়ালী ঈদগাহ মাঠ।
উপজেলা পর্যায়েও ছিল ঈদের জামাতের ব্যাপক আয়োজন। মহম্মদপুর উপজেলায় প্রধান জামাত অনুষ্ঠিত হয় পূর্ব নারায়ণপুর গোরস্থান মসজিদ মাঠে। শ্রীপুর উপজেলায় উপজেলা সদর জামে মসজিদ মাঠে এবং শালিখা উপজেলায় আড়পাড়া হাইস্কুল মাঠে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
ভোর থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি ঝরতে থাকলেও কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মুসল্লিদের আগমন ছিল চোখে পড়ার মতো। আবহাওয়ার প্রতিকূলতা উপেক্ষা করে পরিবার-পরিজন নিয়ে ঈদের নামাজে অংশ নেন তারা। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
বৈরী আবহাওয়ার মধ্যেও মুসল্লিদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ঈদের আনন্দকে আরও প্রাণবন্ত করে তোলে।
















