ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের মাঠে ১-১ গোলে ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। অন্য ম্যাচে ঘরের মাঠে নিউক্যাসল ইউনাইটেডের কাছে ২-১ গোলে হেরে চাপে পড়েছেন টটেনহাম হটস্পারের কোচ থমাস ফ্র্যাঙ্ক।
লন্ডন স্টেডিয়ামে ম্যাচের যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে বদলি হিসেবে নামা বেঞ্জামিন সেসকোর গোলে হার এড়ায় ইউনাইটেড। দ্বিতীয়ার্ধের শুরুতে জ্যারড বোয়েনের ক্রস থেকে টমাস সউচেক গোল করে ওয়েস্ট হ্যামকে এগিয়ে দেন। তবে শেষ মুহূর্তে ব্রায়ান এমবেউমোর ক্রস থেকে সেসকোর দারুণ ফিনিশে সমতা ফেরে।
২৬ ম্যাচ শেষে ৪৫ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানেই আছে ইউনাইটেড। সমান ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে অবনমন অঞ্চলের মাত্র দুই পয়েন্ট ওপরে অবস্থান করছে ওয়েস্ট হ্যাম। দায়িত্ব নেওয়ার পর টানা চার জয়ের পর এবার প্রথমবারের মতো পয়েন্ট হারালেন ইউনাইটেড কোচ মাইকেল ক্যারিক। ম্যাচ শেষে তিনি বলেন, দল সেরা খেলাটা খেলতে পারেনি, তবে লড়াইয়ের মানসিকতা ছিল।
অন্যদিকে টটেনহাম হটস্পার স্টেডিয়ামে নিউক্যাসলের কাছে হেরে সমর্থকদের ক্ষোভের মুখে পড়েছেন কোচ থমাস ফ্র্যাঙ্ক। প্রথমার্ধের যোগ করা সময়ে মালিক থিয়াও নিউক্যাসলকে এগিয়ে দেন। বিরতির পর আর্চি গ্রে সমতা ফেরালেও দ্রুত জ্যাকব রামসে গোল করে আবারও এগিয়ে দেন সফরকারীদের। মৌসুমে ঘরের মাঠে ১৩ ম্যাচে এটি টটেনহামের ১১তম ব্যর্থতা। ১৬তম স্থানে থাকা স্পার্স এখন অবনমন অঞ্চলের মাত্র পাঁচ পয়েন্ট ওপরে।
এদিকে স্ট্যামফোর্ড ব্রিজে দুই গোলে এগিয়েও লিডস ইউনাইটেডের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে চেলসি। জোয়াও পেদ্রো ও কোল পামারের গোলে এগিয়ে ছিল স্বাগতিকরা। তবে লুকাস এনমেচা পেনাল্টি থেকে ব্যবধান কমানোর পর নোয়া ওকাফর সমতা ফেরান। যোগ করা সময়ে সহজ সুযোগ নষ্ট করেন পামার।
আরেক ম্যাচে বোর্নমাউথের কাছে ২-১ গোলে হেরে ইউরোপিয়ান প্রতিযোগিতায় খেলার আশা ধাক্কা খেয়েছে এভারটনের। জয় পেয়ে পয়েন্ট তালিকায় এভারটনের সমান হয়েছে বোর্নমাউথ।
















