ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার ১৩তম দিনে এসে রাজনীতির মাঠ আরও উত্তপ্ত হয়ে উঠেছে। স্বাধীনতার ঘোষক বিতর্ক, নারীদের নিয়ে মন্তব্য এবং ‘হ্যাঁ-না’ ভোট ইস্যুতে প্রধান দলগুলোর নেতাদের পারস্পরিক আক্রমণাত্মক বক্তব্যে নির্বাচনি আবহাওয়া এখন টানটান। এর পাশাপাশি প্রিজাইডিং অফিসার নিয়োগ ও বিএনসিসি মোতায়েন নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন জোট ও দলের প্রার্থীরা।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিভিন্ন জোট ও দলের প্রার্থীদের নির্বাচনি সমাবেশ ও গণসংযোগে এসব কথার লড়াই হতে দেখা যায়।
হ্যাঁ-না ভোট: তারেক রহমানকে জামায়াত আমিরের কাউন্টার
ময়মনসিংহের সার্কিট হাউস মাঠে জনসভায় জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গণভোট বা ‘হ্যাঁ-না’ ভোট দাবির কড়া সমালোচনা করেন। তিনি বলেন, “জনগণের ঠেলায় পড়ে এখন একটি দল ‘হ্যাঁ’ ভোটের পক্ষে কথা বলছে, অথচ আগে তারাই এর বিপক্ষে প্রচারণা চালিয়েছে।” উল্লেখ্য, সোমবার তারেক রহমান গণভোটের পক্ষে জোরালো বক্তব্য দেওয়ার পরই জামায়াত আমিরের এই মন্তব্যকে রাজনৈতিক ‘কাউন্টার’ হিসেবে দেখা হচ্ছে।
রিজভীর তোপ: ‘নারীদের নিয়ে মন্তব্যের সমালোচনা ঢাকতেই ইতিহাস বিকৃতি’
চট্টগ্রামে সমাবেশে স্বাধীনতার ঘোষক নিয়ে জামায়াতের আমিরের বক্তব্যকে ইতিহাস বিকৃতি বলে আখ্যায়িত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পবিত্র শবে বরাত উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “নারীদের নিয়ে নেতিবাচক মন্তব্যের সমালোচনা ঢাকতেই হঠাৎ স্বাধীনতার ঘোষক নিয়ে বিতর্ক সৃষ্টি করা হচ্ছে।” তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জামায়াতের আসল চরিত্র, স্বরূপ ও বৈশিষ্ট্য প্রকাশ পেতে শুরু করেছে এবং জাতি তাদের ভয়াবহ, অন্ধকারাচ্ছন্ন ও যন্ত্রণাদায়ক শাসনের কথা কল্পনাও করতে চায় না।
প্রিজাইডিং অফিসার ও বিএনসিসি নিয়ে আপত্তি
নির্বাচনে বিএনসিসি ক্যাডেটদের নিয়োগ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ড. মাহদী আমিন। তিনি বলেন, ক্যাডেটরা নির্দিষ্ট মতাদর্শের হতে পারে, যা নির্বাচন প্রভাবিত করবে। অন্যদিকে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া অভিযোগ করেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজনৈতিক মতাদর্শ দেখে প্রিজাইডিং অফিসার নিয়োগ করা হচ্ছে এবং নিরপেক্ষ কর্মকর্তাদের ওপর চাপ সৃষ্টি করে সরিয়ে দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, পরবর্তীতে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) মোতায়েনের প্রাথমিক সিদ্ধান্তে সংশোধন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। বিএনপির আপত্তির মুখে এখন কেবল পোস্টাল ব্যালট ভোট গণনা কেন্দ্র এবং ইসি সচিবালয়ের শৃঙ্খলায় ক্যাডেটদের নিয়োজিত করার সিদ্ধান্ত দেওয়া হয়েছে।
এদিকে নির্বাচনে রাজনৈতিক মতাদর্শ দেখেই প্রিজাইডিং অফিসার নির্ধারণ করা হচ্ছে বলে অভিযোগ করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া।
তিনি বলেন, “প্রিজাইডিং অফিসার নির্ধারণের ক্ষেত্রে সরকারি এবং আধা-সরকারি চাকরিতে যারা আছেন, যাদের প্রিজাইডিং অফিসার হওয়ার কথা, বিভিন্ন বাহিনী তাদের ইনফরমেশন নিচ্ছে। যদিও কোনও রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার এই ধরনের ইনফরমেশন নেওয়ার কথা না। আমরা যতটুকু জানতে পেরেছি যে, তারা মিড লেভেলের এবং ওপরের লেভেলের হয়তো কারও কারও সহায়তায় এই ইনফরমেশনগুলো নিচ্ছেন এবং সেখানে তারা স্পেসিফিকলি রাজনৈতিক মতাদর্শ দেখে প্রিজাইডিং অফিসার নির্ধারণ করছেন।”
আসিফ আরও অভিযোগ করেন, “বিভিন্ন স্থানে যারা সহকারী রিটার্নিং কর্মকর্তা আছেন, যারা নিরপেক্ষভাবে কাজ করে যাচ্ছেন, প্রিজাইডিং অফিসার নির্ধারণ থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে বিএনপিকে সহযোগিতা করছেন না— তাদেরকে নির্বাচন কমিশনে চাপ প্রয়োগের মাধ্যমে উইথড্র করা হচ্ছে।”
শেষ মুহূর্তেও প্রার্থিতা বাতিলের হিড়িক
ভোটের লড়াই এখন আদালতের বারান্দায়। দ্বৈত নাগরিকত্বের অভিযোগে ঢাকা-১১ আসনের বিএনপি প্রার্থী ড. এম এ কাইয়ুমের প্রার্থিতা চ্যালেঞ্জ করে এনসিপির নাহিদ ইসলাম রিট করলেও হাইকোর্ট তা খারিজ করে দিয়েছেন। অন্যদিকে, বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে পদত্যাগ না করে নির্বাচনে অংশ নেওয়ার অভিযোগে জামায়াত প্রার্থী আবুল আজাদ মোহাম্মদ শাহাদাতুজ্জামানের মনোনয়ন বাতিলের দাবি জানিয়েছেন স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম তালু।
ত্রিমুখী কর্মসূচিতে উত্তপ্ত ফেনী
ফেনীতে একই সময়ে বিএনপি, জামায়াত ও এনসিপির পৃথক কর্মসূচি ঘিরে যুদ্ধংদেহী পরিস্থিতি বিরাজ করছে। ফেনী-৩ আসনের প্রার্থী আবদুল আউয়াল মিন্টুর মনোনয়ন বাতিলের দাবিতে শিবির এবং নারীদের অবমাননার প্রতিবাদে যুবদল-ছাত্রদল একই স্থানে বিক্ষোভ ডাকলে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
যৌন অপরাধী জেফরি এপস্টেইনের ঘনিষ্ঠ সহযোগী ও ঋণখেলাপির অভিযোগ তুলে আবদুল আউয়াল মিন্টুর মনোনয়ন বাতিলের দাবিতে শহরের মিজান ময়দান থেকে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে ফেনী জেলা ইসলামী ছাত্রশিবির।
অন্যদিকে দুপুর ২টায় জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে নারীদের নিয়ে বিদ্বেষপূর্ণ মন্তব্যের প্রতিবাদে একই স্থানে (মিজান ময়দান) ও একই সময়ে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে ফেনী জেলা যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল।
এর আগে ফেনী-২ আসনে জামায়াত নেতৃত্বাধীন জোটের প্রার্থী এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর সমর্থনে এনসিপির নেতাকর্মীরা মিছিল বের করেন। শহরের মুক্তবাজারে জুলাই স্মৃতিস্তম্ভের সামনে থেকে নির্বাচনি মিছিলটি মডেল থানা প্রদক্ষিণ করে ট্রাংক রোডের খেজুর চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।
আব্বাস-পাটওয়ারী পাল্টাপাল্টি অভিযোগ
রাজধানীর ঢাকা-৮ আসনে মির্জা আব্বাস ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর আশঙ্কা প্রকাশ করে নেতাকর্মীদের ভোটকেন্দ্র পাহারার নির্দেশ দিয়েছেন। এর কিছুক্ষণ পরেই তার প্রতিদ্বন্দ্বী শাপলা কলি প্রতীকের নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, আব্বাসের প্রচারণার কারণে বায়তুল মোকাররমে ১০ মিনিট দেরিতে নামাজ শুরু হয়েছে এবং সাধারণ মানুষের ভোগান্তি হয়েছে।
সব মিলিয়ে নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, জনমুখী প্রচারণার চেয়ে অভিযোগ আর পাল্টা অভিযোগেই মুখর হয়ে উঠছে দেশ।
















