ফ্রান্সে ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের দপ্তরে তল্লাশি চালাচ্ছে প্যারিসের কৌঁসুলির কার্যালয়। দেশটির সাইবার অপরাধ ইউনিট এই অভিযান পরিচালনা করছে এবং এতে ইউরোপোল সহায়তা দিচ্ছে।
কৌঁসুলির দপ্তর জানায়, এক্সের অ্যালগরিদম এবং ব্যবহারকারীদের কাছে যে কনটেন্ট উপস্থাপন করা হচ্ছে তা নিয়ে ওঠা অভিযোগের ভিত্তিতে ২০২৫ সালের জানুয়ারিতে যে তদন্ত শুরু হয়েছিল, এই তল্লাশি তারই অংশ।
তদন্তের আওতায় ইলন মাস্ক এবং এক্সের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা লিন্ডা ইয়াকারিনোকে আগামী এপ্রিল মাসে শুনানিতে হাজির হতে সমন পাঠানো হয়েছে বলেও জানানো হয়।
এ বিষয়ে এখনো এক্স কর্তৃপক্ষ কোনো প্রতিক্রিয়া জানায়নি। গণমাধ্যমের পক্ষ থেকে কোম্পানিটির সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
এর আগে এক্স এই তদন্তকে মতপ্রকাশের স্বাধীনতার ওপর আঘাত হিসেবে বর্ণনা করেছিল।
কৌঁসুলির দপ্তরের বিবৃতিতে বলা হয়, ফরাসি আইন মেনে চলা নিশ্চিত করতেই এই অভিযান চালানো হচ্ছে। ফরাসি সাইবার অপরাধ পুলিশ এই তদন্তের নেতৃত্ব দিচ্ছে।
চলতি বছরের জুলাই মাসে তদন্তের পরিধি আরও বাড়ানো হয়। তখন অভিযোগ ওঠে, প্ল্যাটফর্মটিতে যৌনভাবে স্পষ্ট ডিপফেক ভিডিও এবং হলোকাস্ট অস্বীকারমূলক কনটেন্ট ছড়িয়ে পড়ছে।
সে সময় এক্স এই তদন্তকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে এবং অ্যালগরিদম কারসাজির অভিযোগ অস্বীকার করে।
এদিকে কৌঁসুলির দপ্তর জানায়, তারা ভবিষ্যতে এক্স ছেড়ে লিংকডইন ও ইনস্টাগ্রামের মাধ্যমে যোগাযোগ করবে।
















