বাংলাদেশ জামায়াতে ইসলামী ও খেলাফত মজলিসসহ সমমনা কয়েকটি রাজনৈতিক দল ৫ দফা দাবির বাস্তবায়নের লক্ষ্যে নতুন কর্মসূচি ঘোষণা করেছে।
রোববার (১৯ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের লিখিত বক্তব্যের মাধ্যমে এ দাবি ও কর্মসূচি ঘোষণা করেন।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ২০ অক্টোবর রাজধানীতে, ২৫ অক্টোবর বিভাগীয় শহরগুলোতে এবং ২৭ অক্টোবর জেলা শহরগুলোতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। দলগুলোর পক্ষ থেকে জানানো হয়, জুলাই সনদের আইনি ভিত্তি প্রতিষ্ঠা, গণভোট আয়োজন এবং পিআর পদ্ধতি প্রবর্তনসহ পাঁচ দফা দাবির বাস্তবায়নের উদ্দেশ্যে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
দলগুলোর উত্থাপিত ৫ দফা দাবি হলো:
১। জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন আদেশ জারি এবং আগামী নভেম্বর মাসের মধ্যে এর ওপর গণভোট আয়োজন।
২। আসন্ন জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষ বা উচ্চ কক্ষে পিআর পদ্ধতি চালু করা।
৩। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সকল দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা।
৪। বর্তমান সরকারের নিপীড়ন, গণহত্যা ও দুর্নীতির বিচার কার্যকরভাবে সম্পন্ন করা।
৫। স্বৈরাচারী সরকারের সহযোগী জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ ইউনুছ আহমদ, খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন, বাংলাদেশ নেজামে ইসলামী পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার, বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী, জাগপা মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মহাসচিব নিজামুল হক নাঈম।
















