বিশ্বাসের ভাষা ব্যবহার করলেই কোনো রাজনৈতিক আন্দোলন বিপজ্জনক হয়ে ওঠে না; বিপদ তৈরি হয় তখনই, যখন কোনো শক্তি নৈতিকতার একচ্ছত্র মালিকানা দাবি করে। বর্তমান বাংলাদেশের বাস্তবতায় এই উপলব্ধি বিশেষভাবে প্রাসঙ্গিক হয়ে উঠেছে।
২০২৪ সালে দীর্ঘদিনের কর্তৃত্ববাদী শাসনের পতনের পর বাংলাদেশ এক গভীর রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। দুর্নীতি ও দমননীতিতে ক্ষতবিক্ষত পুরোনো ব্যবস্থার শূন্যতায় ধর্মভিত্তিক রাজনৈতিক দল জামায়াতে ইসলামী নতুন করে সক্রিয় হয়ে উঠেছে। দলটি নিজেকে শৃঙ্খলাবদ্ধ ও নৈতিক বিকল্প হিসেবে উপস্থাপন করছে, যেন বিশৃঙ্খল রাজনৈতিক বাস্তবতার মধ্যে তারাই একমাত্র গ্রহণযোগ্য পথ।
এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে, আদর্শগত কঠোরতা ও ধর্মীয় কর্তৃত্বে বিশ্বাসী কোনো দল কি বহুত্ববাদী গণতন্ত্র পরিচালনা করতে পারে, নাকি তাতে গণতন্ত্রই ভেঙে পড়বে। আসন্ন ১২ ফেব্রুয়ারির সংসদ নির্বাচন সেই প্রশ্নের একটি বড় পরীক্ষাক্ষেত্র হয়ে উঠেছে।
জামায়াত দ্বৈত বার্তার কৌশলে পারদর্শী। কূটনৈতিক মহলে দলটির শীর্ষ নেতারা সংবিধান ও সহনশীলতার কথা বলেন, শরিয়া আইন তাৎক্ষণিকভাবে কার্যকর করার দাবি অস্বীকার করেন। তারা নিজেদের একটি শান্ত ধর্মীয় সামাজিক আন্দোলন হিসেবে তুলে ধরতে চান।
কিন্তু মাঠপর্যায়ে চিত্র ভিন্ন। গ্রাম ও জনসমাবেশে রাজনৈতিক পছন্দকে ধর্মীয় কর্তব্য হিসেবে ব্যাখ্যা করা হয়। সেখানে ভোট দেওয়া আর নাগরিক সিদ্ধান্ত থাকে না, বরং বিশ্বাসের পরীক্ষায় পরিণত হয়। জামায়াতের পক্ষে ভোট মানে ঈমানি দায়িত্ব, আর বিপক্ষে ভোট মানে নৈতিক অবক্ষয়ের পথে যাওয়া—এমন বার্তাই ছড়িয়ে দেওয়া হচ্ছে।
দলের সঙ্গে সংশ্লিষ্ট কিছু নেতা প্রকাশ্যে বলেছেন, দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়া ধর্মীয় কর্তব্য। এতে বিরোধী মতকে কার্যত অবিশ্বাসের পর্যায়ে ঠেলে দেওয়া হচ্ছে।
জামায়াতের প্রতিষ্ঠাকালীন নথিপত্রও তাদের মধ্যপন্থী ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করে। দলটির সংবিধানে এখনো বলা আছে, সার্বভৌমত্ব মানুষের নয়, একমাত্র সৃষ্টিকর্তার। তাদের চূড়ান্ত লক্ষ্য হিসেবে ইসলামকে সর্বগ্রাসী জীবনব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠার কথাও স্পষ্টভাবে উল্লেখ রয়েছে।
এই দৃষ্টিভঙ্গিতে রাষ্ট্র ব্যক্তিস্বাধীনতার রক্ষক নয়, বরং নৈতিক রূপান্তরের হাতিয়ার। জনপ্রভুত্ব এখানে শর্তসাপেক্ষ ও সাময়িক।
বাংলাদেশের সংবিধানের মূলনীতি—সমতা, ব্যক্তিস্বাধীনতা ও সামাজিক সম্প্রীতির সঙ্গে নিজেদের আদর্শ সামঞ্জস্য করার কোনো উদ্যোগ জামায়াত এখনো নেয়নি। এর প্রতিফলন সবচেয়ে স্পষ্ট নারীদের বিষয়ে দলটির অবস্থানে।
দলের আমির শফিকুর রহমানসহ শীর্ষ নেতারা এমন সামাজিক নীতির ইঙ্গিত দিয়েছেন, যেখানে নারীদের গৃহকেন্দ্রিক থাকতে উৎসাহ দেওয়া, কর্মঘণ্টা কমানো এবং চলাচল নিয়ন্ত্রণের কথা বলা হয়েছে। এতে দেশের অর্থনীতিতে নারীদের ভূমিকা সংকুচিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
বাংলাদেশের আনুষ্ঠানিক শ্রমবাজারে নারীর অংশগ্রহণ প্রায় পঁয়ত্রিশ শতাংশ, আর পোশাকশিল্পে নারীরাই প্রধান চালিকাশক্তি। এই বাস্তবতায় এমন নীতিকে অনেকেই জাতীয় অগ্রগতির পথে বড় বাধা হিসেবে দেখছেন।
দলের নীতিনির্ধারণী কাঠামোয় একজন নারী সদস্যও নেই। শীর্ষ নেতারা যখন বলেন, নারীরা কেবল নারীদের সামনে কাজ করবেন, তখন তা নারীদের জনজীবন, শিক্ষা ও গণমাধ্যম থেকে সরিয়ে দেওয়ার ইঙ্গিত দেয়।
আইন প্রণয়ন ছাড়াও আরেকটি বড় আশঙ্কা হলো তথাকথিত নৈতিক নজরদারি। সম্প্রদায়ভিত্তিক চাপের মাধ্যমে আচরণ নিয়ন্ত্রণের প্রবণতা ইতোমধ্যেই দেখা গেছে।
গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে ওড়না পরার ধরন নিয়ে প্রকাশ্যে হেনস্তার ঘটনা ঘটে। অভিযুক্ত গ্রেপ্তার হলেও ধর্মীয় গোষ্ঠীর চাপে মুক্তি পায় এবং পরে তাকে ফুল দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। এতে স্পষ্ট হয়, আইনি প্রক্রিয়ার ওপর নৈতিক সন্ত্রাস চাপিয়ে দেওয়ার প্রবণতা কতটা বিপজ্জনক রূপ নিতে পারে।
আন্তর্জাতিক অভিজ্ঞতাও সতর্কবার্তা দেয়। কোথাও ধীরে ধীরে রক্ষণশীলতা বাড়িয়ে সাংবিধানিক কাঠামোর ভেতরেই পরিবর্তন আনা হয়েছে, আবার কোথাও নারীদের সম্পূর্ণভাবে জনজীবন থেকে মুছে ফেলা হয়েছে।
জামায়াতের সাম্প্রতিক অন্তর্ভুক্তিমূলক কিছু পদক্ষেপ, যেমন সংখ্যালঘু প্রার্থী মনোনয়ন, অনেকের মতে আদর্শগত পরিবর্তনের চেয়ে রাজনৈতিক কৌশলই বেশি।
ধর্মীয় নৈতিকতা থেকে বৈধতা নেওয়া কোনো ব্যবস্থা সংখ্যালঘুদের সহ্য করতে পারে, কিন্তু সমান নাগরিকত্ব নিশ্চিত করতে পারে না। সেখানে ভিন্নমত সহজেই ধর্ম অবমাননার তকমা পায়।
দার্শনিকদের সতর্কবার্তা অনুযায়ী, সীমাহীন সহনশীলতা শেষ পর্যন্ত সহনশীলতার বিলুপ্তিই ডেকে আনতে পারে। বাংলাদেশের সামনে ঝুঁকি শুধু উপর থেকে চাপানো কর্তৃত্ববাদ নয়, বরং পাড়া-মহল্লায় ছড়িয়ে পড়া নৈতিক শাসনের মাধ্যমে গণতন্ত্র ক্ষয়ে যাওয়ার আশঙ্কাও।
অতীতের ব্যর্থতায় ক্লান্ত ভোটারদের পরিবর্তনের আকাঙ্ক্ষা স্বাভাবিক। তবে পরিবর্তন মানেই অগ্রগতি নয়। নৈতিকতার একচ্ছত্র দাবি প্রতিষ্ঠিত হলে আইনের জবাবদিহির জায়গায় নৈতিক নিশ্চিততা বসবে, আর তার প্রথম শিকার হবে বহুত্ববাদী গণতন্ত্র।
বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে সচেতন জনগণের ওপর, যারা নৈতিক অনুপ্রেরণা ও নৈতিক জবরদস্তির পার্থক্য বুঝে সিদ্ধান্ত নিতে পারবেন। গণতন্ত্র টিকিয়ে রাখতে হলে সদ্গুণের ছদ্মবেশে আসা একরূপতার দাবিকে চেনাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
















