‘হ্যাঁ’ ভোটে স্বৈরাচার ফেরার পথ চিরতরে বন্ধ হবে: প্রেস সচিব
নাগরিক অধিকার ও ন্যায়ভিত্তিক শাসন নিশ্চিত করার আহ্বান
সারা দেশে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমতের জোয়ার লক্ষ্য করা যাচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে দেশে আর স্বৈরাচার, অনাচার ও অত্যাচার ফিরে আসবে না এবং নিশ্চিত হবে নাগরিক অধিকার ও ন্যায়ভিত্তিক শাসনব্যবস্থা।
শুক্রবার সকালে ঢাকার ধামরাই উপজেলার সানোড়া ইউনিয়নের বাটুলিয়া এলাকায় বুচাই পাগলার মাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি মাজারে দোয়ায় অংশ নেন।
প্রেস সচিব বলেন, নির্বাচন কমিশন জানিয়েছে—ভোট গ্রহণ প্রক্রিয়া নিয়ে কোনো ধরনের সমস্যা হবে না। তবে ভোট গণনায় কিছুটা সময় লাগতে পারে। এ বিষয়ে ভোটারদের ধৈর্য ও শান্ত থাকার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, ভোটারদের শান্তিপূর্ণভাবে ভোট প্রক্রিয়ায় অংশ নিতে হবে। গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সবার দায়িত্বশীল আচরণ জরুরি।
বুচাই পাগলার মাজার প্রসঙ্গে শফিকুল আলম বলেন, এই মাজার সাম্প্রদায়িক সম্প্রীতির একটি গুরুত্বপূর্ণ প্রতীক। এখানে হামলা বা ভাঙচুর অত্যন্ত নিন্দনীয় কাজ।
উল্লেখ্য, ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর ‘তৌহিদি জনতা’ পরিচয়দানকারী একটি দল বুচাই পাগলার মাজারে হামলা চালিয়ে ভাঙচুর করে। ওই ঘটনার পর দেশজুড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার বিষয়ে উদ্বেগ তৈরি হয়।
















