সরাসরি চুক্তিতে ওষুধ আমদানির পাশাপাশি আফগানিস্তানে কারখানা স্থাপনের আহ্বান
বাংলাদেশের শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি চুক্তির মাধ্যমে ওষুধ আমদানির সিদ্ধান্ত নিয়েছেন আফগান ব্যবসায়ীরা। এ লক্ষ্যে আফগানিস্তানের একটি উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদল বাংলাদেশ সফর করে একাধিক ওষুধ কারখানা পরিদর্শন করেছে।
আফগানিস্তানের বাণিজ্য ও শিল্প উপমন্ত্রী মৌলভি আহমাদুল্লাহ জাহিদ-এর নেতৃত্বে দেশটির ব্যবসায়ীদের একটি প্রতিনিধিদল ঢাকায় এসে বাংলাদেশের কয়েকটি শীর্ষস্থানীয় ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান পরিদর্শন করে। আফগান সংবাদমাধ্যম পাজহক আফগান নিউজের বরাতে এ তথ্য জানানো হয়েছে।
আফগানিস্তানের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, প্রতিনিধিদলটি ঢাকায় অবস্থিত দুটি বৃহৎ ও সুপরিচিত ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান পরিদর্শন করেছে। প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের শীর্ষ ওষুধ উৎপাদকদের মধ্যে অন্যতম এবং তাদের উৎপাদিত ওষুধ বিশ্বের প্রায় ৫০টি দেশে রপ্তানি হয়।
পরিদর্শনকালে উপমন্ত্রী মৌলভি আহমাদুল্লাহ জাহিদ বাংলাদেশি ওষুধ খাতের উদ্যোক্তাদের আফগানিস্তানে ওষুধ উৎপাদন কারখানা স্থাপনের আহ্বান জানান। তিনি বলেন, আফগানিস্তানে বর্তমানে সারাদেশে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং সরকার শিল্প ও উৎপাদন খাতকে পূর্ণ সমর্থন দিচ্ছে। বিনিয়োগকারীদের জন্য প্রয়োজনীয় সব ধরনের সুযোগ-সুবিধাও দেওয়া হচ্ছে বলে তিনি আশ্বাস দেন।
এদিকে আফগানিস্তানের জনস্বাস্থ্য মন্ত্রণালয়-এর অধীন ওষুধ ও স্বাস্থ্যপণ্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক ডা. নাইমুল্লাহ আইয়ুবি বলেন, বিদ্যমান বিধিবিধান অনুযায়ী বাংলাদেশি ওষুধ উৎপাদকদের সর্বাত্মক সহযোগিতা দেওয়া হবে।
বিবৃতিতে আরও জানানো হয়, আফগান ব্যবসায়ী ও বাংলাদেশের ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোর মধ্যে সরাসরি চুক্তি স্বাক্ষর এবং বাংলাদেশ থেকে আফগানিস্তানে ওষুধ আমদানির বিষয়ে উভয় পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে।
















