আহতদের চিকিৎসা ও ক্ষতিপূরণ দাবিতে স্বজনদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার (২১ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে গুলশানে বিএনপির রাজনৈতিক কার্যালয়ে পৌঁছে তারেক রহমান মাইলস্টোন বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে আগে থেকেই অপেক্ষমাণ হতাহতদের স্বজনদের কাছে গিয়ে তিনি তাদের কষ্টের কথা শোনেন এবং সহমর্মিতা জানান।
সাক্ষাৎকালে তিনি বলেন, দুর্ঘটনায় আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়ে তিনি অন্তর্বর্তী সরকারের সঙ্গে যোগাযোগ করবেন। একই সঙ্গে নিহত ও আহত শিশুদের পরিবারের ন্যায্য দাবি বাস্তবায়নে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
এই সময় ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে তারেক রহমানের হাতে বিভিন্ন দাবি-দাওয়া সংবলিত একটি স্মারকলিপি তুলে দেওয়া হয়। তিনি প্রত্যেকের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং শোকাহত পরিবারগুলোকে ধৈর্য ধরার আহ্বান জানান।
তারেক রহমান আরও বলেন, নির্বাচন-পরবর্তী সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্রক্ষমতায় এলে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি পূরণে দলীয়ভাবে কাজ করা হবে।
উল্লেখ্য, গত ২১ জুলাই রাজধানীর উত্তরা এলাকায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ-এ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ ৩৫ জন নিহত হন এবং বহু শিক্ষার্থী আহত হয়।
















