১২ ফেব্রুয়ারি ভোট; দুই হাজারের বেশি বৈধ প্রার্থী, ভোটার প্রায় ১২ কোটি ৭৭ লাখ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা শেষে আজ বুধবার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দিচ্ছে নির্বাচন কমিশন। প্রতীক হাতে পাওয়ার পর আগামীকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করবেন প্রার্থীরা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গুরুত্বপূর্ণ ধাপে পৌঁছেছে নির্বাচন প্রক্রিয়া। প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত সময় শেষ হওয়ার পর আজ (২১ জানুয়ারি) প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করবে নির্বাচন কমিশন (ইসি)। প্রতীক বরাদ্দ শেষে প্রার্থীদের নামের চূড়ান্ত তালিকাও প্রকাশ করা হবে।
ইসির জারি করা পরিপত্রে বলা হয়েছে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখের পরদিন অর্থাৎ ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ সম্পন্ন করে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তালিকা প্রকাশ করতে হবে। এ তালিকা বাংলা বর্ণানুক্রম অনুযায়ী সাজানো হবে।
ইসির ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি একই দিনে পৃথক ব্যালটে গণভোটও অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে এখন পর্যন্ত দুই হাজারেরও বেশি প্রার্থী বৈধ তালিকায় রয়েছেন। স্বচ্ছ ব্যালট পেপারের মাধ্যমে অনুষ্ঠিতব্য এই নির্বাচনে দেশের প্রায় ১২ কোটি ৭৭ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে নির্বাচনী মাঠে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে, যা আগামী কয়েক সপ্তাহে সারাদেশে নির্বাচনী উত্তাপ আরও বাড়াবে।
















