ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে কর্মসূচি, তীব্র যানজট
প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সড়ক অবরোধ কর্মসূচি পালন করছেন সাত কলেজের শিক্ষার্থীরা। এতে ঢাকাজুড়ে তীব্র যানজট ও ভোগান্তি সৃষ্টি হয়েছে।
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের দাবিতে বুধবার রাজধানীর একাধিক গুরুত্বপূর্ণ সড়কে অবরোধ কর্মসূচি শুরু করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। বেলা সাড়ে ১১টা থেকে শুরু হওয়া এই কর্মসূচির ফলে রাজধানীর বিভিন্ন এলাকায় যান চলাচল কার্যত স্থবির হয়ে পড়ে।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, আগামী ১৫ জানুয়ারি অনুষ্ঠিতব্য অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভায় অবশ্যই ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন–২০২৫’-এর অনুমোদন দিতে হবে। একই সঙ্গে রাষ্ট্রপতির পক্ষ থেকে দ্রুত চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিও জানান তারা।

এর আগে মঙ্গলবার (১৩ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সাত কলেজের শিক্ষার্থীরা রাজধানীর গুরুত্বপূর্ণ তিনটি স্থানে অবরোধ কর্মসূচির ঘোষণা দেন। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সাত কলেজকে সমন্বয় করে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার লক্ষ্যে প্রণীত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন–২০২৫’-এর খসড়া গত ২৪ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
খসড়া প্রকাশের পর বিষয়টি নিয়ে পক্ষে-বিপক্ষে আলোচনা ও বিতর্ক শুরু হলে শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট সব স্টেকহোল্ডারের সঙ্গে একাধিক পরামর্শ সভা আয়োজন করে বলে জানান শিক্ষার্থীরা। তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন বলে দাবি করেন।
এদিকে শিক্ষার্থী সাকিবুল হত্যার বিচার ও আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা রাজধানীর ব্যস্ততম ফার্মগেট মোড় অবরোধ করেন। এর আগে তারা এলিভেটেড এক্সপ্রেসওয়েতেও অবরোধ কর্মসূচি পালন করেন, ফলে ফার্মগেট ও আশপাশের এলাকায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।
পুলিশ ও ট্রাফিক বিভাগ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করলেও অবরোধের কারণে রাজধানীবাসীকে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।
















